জার্মানিতে সুইমিং পুলে শরণার্থী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা
জার্মানির বনহাইম শহরে একটি সরকারি সুইমিং পুল এলাকায় অভিবাসন প্রত্যাশী পুরুষদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কয়েকজন নারী হয়রানির শিকার হওয়ার অভিযোগ করার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বনহাইমের ডেপুটি মেয়র মার্কুস স্নাপকা রয়টার্সকে বলেন, এ ধরণের আচরণ গ্রহণযোগ্য নয় ‘যতদিন পর্যন্ত তারা এই কথা বুঝতে না পারবে’ ততদিন পর্যন্ত ইনডোর সুইমিং পুলটির কাছের আশ্রয় শিবিরের পুরুষদের সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না।
বর্ষবরণ উৎসবে জার্মানির কোলন শহরে গণহারে যৌন নিপীড়ন ও চুরির ঘটনার পর অভিবাসন প্রত্যাশীদের নিয়ে দেশটিতে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোলনের ঘটনার পেছনে উত্তর আফ্রিকা ও আবর দেশ থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা দায়ী বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শীরা।
পুলিশের প্রাথমিক তদন্তেও ওই ইঙ্গিত পাওয়া গেছে।
স্নাপকা বলেন, “ওই সুইমিং পুলে যৌন নিপীড়ন ও প্রেমে প্রতারণার ঘটনা ঘটার বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। একদল তরুণের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর কয়েকজন নারী সেখান থেকে চলে যেতে বাধ্য হয়।”
“এ কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আমাদের আশ্রয় শিবিরের প্রাপ্ত বয়স্ক পুরুষদের সুইমিং পুলে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
