ফ্রান্সে নতুন ওষুধ পরীক্ষায় ৯০ জন অংশ নেয়, ১ জন ‘ব্রেন ডেড’
ফ্রান্সে নতুন একটি ওষুধের পরীক্ষা চালাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া ছয় জনের মধ্যে একজনকে ‘ব্রেন ডেড’ বলে ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ফ্রান্স ভিত্তিক কোম্পানি বায়োট্রায়াল ওই পরীক্ষা চালায়। পর্তুগালের কোম্পানি বিয়াও ওই ওষুধটি প্রস্তুত করেছে।
রেন শহরে বায়োট্রায়ালের গবেষণাগারে মোট ৯০ জন এই পরীক্ষায় অংশ নিয়েছে।
১৯৮৯ সালে যাত্রা শুরু করার পর আন্তর্জাতিকভাবে খ্যাত বায়োট্রায়াল এ ধরণের কয়েক হাজার পরীক্ষা চালিয়েছে।
এ ঘটনার পর নিজেদের ওয়েবসাইটে বায়োট্রায়ালের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, “এবারের পরীক্ষা চালানোর সময় ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে।”
পরীক্ষার প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মকানুন এবং বায়োট্রায়েলের কার্যপ্রণালী অনুসরণ করা হয়েছে বলে জোর দাবি করেছে কোম্পানিটি।
রেন হাসপাতালের চীফ নিউরোসাইনটিস্ট গিলিস ইডান বলেন, “ওই ওষুধের চেনা জানা কোনো প্রতিষেধক নেই।”
অসুস্থ ছয় জনের মধ্যে একজন ‘ব্রেন ডেড’ এবং তিন জনের মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয়ে গেছে বলেও জানান তিনি। একজন স্নায়ুবিক সমস্যায় ভুগছেন এবং ষষ্ঠ ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
“এখনও তার অবস্থায় গুরুতর নয়।”
ফ্রান্সের গণমাধ্যমগুলো জানায়, ওষুধটি গাঁজা-ভিত্তিক বেদনানাশক ওষুধ। তবে স্বাস্থ্যমন্ত্রণালয় একথা অস্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।
ফ্রান্সের স্বাস্থ্য মণ্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার বিষয়টি তাদের নজরে আসে।
তার পরপরই মুখে সেবনযোগ্য ওষুধটির পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় এবং পরীক্ষায় অংশগ্রহণকারীদের ডেকে পাঠানো হয়।
প্যারিসের প্রসিকিউসন অফিস বিষয়টি নিয়ে তদন্ত করছে।
