এপ্রিলে বন্ধ হয়ে যাচ্ছে ‘আল জাজিরা আমেরিকা’
যুক্তরাষ্ট্রে ৩০ এপ্রিলের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ক্যাবল টিভি নিউজ চ্যানেল ‘আল জাজিরা আমেরিকা’ সম্প্রচার।
যাত্রা শুরুর মাত্র আড়াই বছরের মধ্যেই সম্প্রচার গুটিয়ে ফেলার এ সিদ্ধান্ত জানাল মিডিয়া গ্রুপটি। কোম্পানির একটি বোর্ড মিটিংয়ের পর বুধবার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
নিউজ চ্যানেলটির কর্মচারিদের কাছে একটি মেমোতে আল জাজিরা আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা আল আনস্টে জানান, যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের বাজারে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে টিকে থাকতে না পেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে প্রভাবশালী নিউজ চ্যানেল সিএনএন ও ফক্স নিউজের বিকল্প হিসেবে দাঁড় করানোর দু:সাহসী প্রচেষ্টা নিয়ে সেখানে সম্প্রচার শুরু করেছিল কাতার-ভিত্তিক এই নিউজ চ্যানেলটি।
লাখ লাখ ডলার খরচ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ সাংবাদিকদের নিয়োগও দিয়েছিল আল জাজিরা আমেরিকা। কিন্তু দর্শক টানতে তাদেরকে সংগ্রাম করতে হয়েছে।
প্রতিকূল এই ব্যবসায়িক পরিবেশ এবং বিশেষত গণমাধ্যমের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে টিকতে না পেরেই শেষ পর্যন্ত সম্প্রচার গুটিয়ে ফেলতে হচ্ছে নিউজ চ্যানেলটিকে।
তবে প্রধান নির্বাহী আনস্টে ৩০ এপ্রিলের মধ্যে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়ার কথা জানালেও বলেছেন, ইন্টারনেটে উপস্থিতি বজায় রাখবেন তারা।
