তুরস্কে তিন রুশ আইএস সন্দেহভাজন আটক
ইস্তাম্বুলে আত্মঘাতী হামলার পর ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগাযোগ রয়েছে সন্দেহে তিন রুশ নাগরিককে আটক করেছে তুরস্ক।
মঙ্গলবার ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী সুলতানাহমেত স্কয়ারের বিখ্যাত ব্লু মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়,যাদের নয় জন জার্মান এবং একজন পেরুর পর্যটক। হামলায় আহত ১৫ জনের বেশির ভাগও জার্মানির নাগরিক।
তুরস্ক সরকারের পক্ষ থেকে বলা হয়, আইএস এর সঙ্গে জড়িত সিরীয় একব্যক্তি ওই হামলা চালিয়েছে।
যদিও এখনও কেউ ওই হামলার দায় স্বীকার করেনি।
ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় রাশিয়ার কনস্যুলেট জেনারেলের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানায়, ইসলামিক স্টেটের সঙ্গে যোগাসাজশ থাকতে পারে সন্দেহে তুর্কি পুলিশ রাশিয়ার তিন নাগরিকে আটক করেছে।
পুলিশ তাদের কাছে থাকা কাগজপত্র এবং সিডি জব্দ করেছে বলেও জানায় তুরস্কের সংবাদ সংস্থা দোগান। তবে কখন তাদেরকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
