২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুলে পর্যটনকেন্দ্রে বোমায় নিহত ১০, সিরীয়কে সন্দেহ

তুরস্কে ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে ঐতিহাসিক সুলতানাহমেত পর্যটন এলাকায় বিকট বোমা বিস্ফোরণে বিদেশিসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। সিরীয় এক আত্মঘাতী হামলাকারী এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 04:12 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

ঊর্ধ্বতন দুই তুর্কি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পর্যটন এলাকা এবং ব্লু মসজিদের কাছে এ হামলার পেছনে খুব সম্ভবত ইসলামিক স্টেটের (আইএস) হাত আছে।

এক প্রত্যক্ষদর্শী এবং পুলিশ কর্মকর্তা সুলতানাহমেত স্কয়ারে নিহতদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখার কথা সাংবাদিকদের জানিয়েছেন। হামলার সময় ঘটনাস্থলে জার্মানি থেকে ট্যুরে যওয়া একদি দল ছিল। তাদের কেউ হতাহত হয়েছে কিনা তা খোঁজ করে দেখছে জার্মানি।

ওদিকে, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রণালয় বিস্ফোরণে তাদের এক নাগরিক আহত হওয়ার কথা জানিয়েছে। ছয় জার্মান নাগরিক এবং পেরুর এক নাগরিকও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান টিভিতে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন এবং  এর জন্য সিরীয় বংশোদ্ভূত এক আত্মঘাতী বোমা হামলাকারীকেই সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন। হামলায় দুর্ভাগ্যজনকভাবে বিদেশি এবং তুর্কি নাগরিক মিলিয়ে ১০ জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এরদোয়ান বলেন, “এ ঘটনা আবারও দেখিয়ে দিল যে আমাদেরকে সমস্ত মনপ্রাণ দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের সংকল্প শেষ পর্যন্ত অটুট থাকবে।”

নেটো সদস্য দেশ তুরস্ক ইরাক এবং সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনে অংশ নিয়েছে।

তুরস্কে মঙ্গলবারের হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে আঙ্কারার সঙ্গে লড়ে আসা তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের ইসলামপন্থি, বামপন্থি এবং কুর্দি মিলিশিয়ারা অতীতে এমন বোমা হামলা চালিয়েছে।

ইস্তাম্বুলের গভর্নর কার্যালয় বলেছে, মঙ্গলবারের হামলার জন্য কারা দায়ী এবং কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে। বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত এবং ১৫ জন আহত হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানায়নি।

তুরস্কে এর আগে গত অক্টোবরে রাজধানী আঙ্কারায় দুটি আত্মঘাতী হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয় এবং এর আগে জুলাইয়ে সিরিয়া সীমান্তের কাছে হামলায় নিহত হয় ৩০ জনের বেশি মানুষ।