২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদায়ার ৪০০ বাসিন্দার জরুরি চিকিৎসা দরকার’

সিরিয়ার অবরুদ্ধ শহর মাদায়ার ৪০০ বাসিন্দাকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া দরকার বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 12:27 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি বিদ্রোহী অধিকৃত শহরটির সংকট নিয়ে আলোচনা হয়। 

বিবিসি বলছে, এই আলোচনার পর রাষ্ট্রদূত গেরার্ড ভন বোহেমেন ওই কথা জানান।
 
একই দিন সকালে জাতিসংঘের মানবিক ত্রাণবাহী একটি বহর মাদায়ার ৪০হাজার বাসিন্দার জন্য খাদ্য নিয়ে যায়। ছয়মাস ধরে শহরটি অবরোধ করে রেখেছে সিরিয়ার সরকারি বাহিনী। 

শহরটিতে অনাহারে মানুষ মারা যাচ্ছে এমন বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ।

এর পাশাপাশি সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিদ্রোহীদের অবরোধের মধ্যে থাকা দুটি শহরেও ত্রাণবাহী দুটি বহর প্রবেশ করেছে। ফোয়াহ ও কেফ্রায়া নামের ওই দুটি শহরের পরিস্থিতিও অত্যন্ত শোচনীয় বলে জানা গেছে। 
 
গেল মার্চ থেকে শহর দুটির প্রায় ২০ হাজার বাসিন্দা অবরুদ্ধ হয়ে আছেন। 

সিরিয়ার সরকার পক্ষ ও বিদ্রোহী মধ্যে সমঝোতার ভিত্তিতে এসব এলাকায় জরুরি ত্রাণ পাঠানো সম্ভব হয়।  

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে কথা বলার সময় ভন বোহেমেন জানান, মাদায়ার ৪০০ বাসিন্দাকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া দরকার। 

তিনি বলেন, “আজ রাতের মধ্যেই চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে এদের বের করে আনা দরকার। এদের বের করে আনতে সিরীয় সরকারের অনুমতি চাওয়া হয়েছে।” 

অল্প কয়েকজন বাসিন্দাকে শহর ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে এবং তারা শহর ছাড়ার অপেক্ষা করছেন। 

সোমবার জাতিসংঘ, রেডক্রস, সিরীয় রেডক্রিসেন্ট এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রায় ৪৪ লরি জরুরি ত্রাণ নিয়ে দামেস্ক থেকে মাদায়ায় পৌঁছেছে। 

বহরটি অবরুদ্ধ শহরটিতে খাদ্য, ওষুধ, কম্বল, তাঁবু ও সাবান নিয়ে গেছে।