২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার-পক্ষীয় আফগান শান্তি বৈঠক করল পাকিস্তান

আফগান সরকার ও তালেবানের মধ্যে নতুন করে শান্তির রোডম্যাপ প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে ইসলামাবাদে বৈঠক করেছেন আফগানিস্তান, পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 11:11 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

পাকিস্তান আয়োজিত এ বৈঠক আফগান সরকারের সঙ্গে তালেবানের সরাসরি আলোচনার পথ সুগম করতে সহায়ক হবে বলে আশা করছেন প্রতিনিধিরা। যদিও অভ্যন্তরীন কোন্দলে তালেবানের মধ্যে বিভক্তির কারণে বৈঠকে কোনো তালেবান প্রতিনিধি অংশ নেয়নি বলে জানিয়েছে বিবিসি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ সোমবার বৈঠক উদ্বোধন করে বলেন, “বৈঠকের প্রাথমিক লক্ষ্য, তালেবানকে আলোচনার টেবিলে নিয়ে আসা এবং সহিংসতা পরিহারে রাজি করানো।”

বৈঠক শেষে ইস্যু করা বিবৃতিতে বলা হয়েছে, “৪ টি দেশই আফগানিস্তানে সহিংসতার অবসান ঘটানোর বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। বৈঠকে অংশগ্রহণকারীরা আফগান শান্তি প্রক্রিয়ায় অবিলম্বে তালেবান প্রতিনিধি এবং আফগান সরকারের মধ্যে সরাসরি আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।”

আফগান সরকার এক দশকেরও বেশি সময় ধরে তালেবান জঙ্গিদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে আছে।

আফগান সরকার ও তালেবানের মধ্যে এর আগে শান্তি আলোচনা শুরু হলেও গতবছর  তালেবান প্রধান মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশ পাওয়ার পর দুপক্ষের আলোচনা ভেস্তে যায়।

মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশ পাওয়ার পর তার সহকারী মোল্লা মনসুরকে তালেবান প্রধান ঘোষণা করা হয়। কিন্তু সংগঠনটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা তাকে প্রধান হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানানোর কারণেই দ্বন্দ শুরু হয়। সরকারের সঙ্গে শান্তি আলোচনা নিয়েও তালেবানের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে।

আফগান তালেবান ও কাবুলের মধ্যে ভেস্তে যাওয়া শান্তি আলোচনা নতুন করে সচল করতেই সোমবার ইসলামাবাদে বৈঠক করে চার পক্ষ।

জঙ্গি তৎপরতা অনেক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠক হল। এ আলোচনা প্রক্রিয়ায় চীন ও যুক্তরাষ্ট্রের উপস্থিতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পারস্পরিক অবিশ্বাস দূর করতে সহায়তা করতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের।