২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিদ্ধার্থকে দলে ভেড়াতে চেয়েছিল এমআইফাইভ’

ইসলামিক স্টেটের (আইএস) ভারতীয় বংশোদ্ভূত সন্দেহভাজন সন্ত্রাসী সিদ্ধার্থ ধরকে দলে ভিড়িয়ে ‘ডাবল এজেন্ট’ করতে চেয়েছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু তার আগেই সিদ্ধার্থ সিরিয়ায় পালিয়ে যান। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 01:52 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

সোমবার সানডে টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

সম্প্রতি আইএসের একটি ভিডিওতে মুখোশ পড়া এক সন্ত্রাসীকে ব্রিটেনে হামলা চালানোর হুমকি দিতে দেখা যায়। ব্রিটিশ উচ্চারণে ইংরেজিতে কথা বলা এই সন্ত্রাসীকে ‘নতুন জিহাদি জন’ বলা হচ্ছে এবং ব্যক্তিটি সিদ্ধার্থ ধর হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী তৎপরতার জন্য গ্রেপ্তার হওয়ার আগে সিদ্ধার্থ দুইবার ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানা গেছে।

প্রতিবেদনে এক নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, ধর্মান্তরিত হওয়ার পর আবু রুমায়সাহ নাম ধারণ করা সিদ্ধার্থ ধরকে এমআইফাইভ অনুসরণ করেছিল এবং এক পর্যায়ে রাস্তায় তাকে থামিয়েছিল।

৩২ বছর বয়সী সিদ্ধার্থকে এমআইফাইভ সতর্ক করে জানিয়েছিল, তিনি গোয়েন্দা সংস্থাটির ‘রাডারের’ আওতায় রয়েছেন এবং তার তৎপরতায় নজরদারি করা হচ্ছে।

এরপর এমআইফাইভ দ্বিতীয়বারের মতো সিদ্ধার্থের সঙ্গে যোগাযোগ করে তাকে গোয়েন্দা সংস্থাটির হয়ে কাজ করার প্রস্তাব দেয়। তবে তার সাড়া কী ছিল তা জানা যায়নি বলে দাবি করেছে সানডে টাইমস।

সন্দেহভাজন সন্ত্রাসীদের বিষয়ে গোয়েন্দা সংস্থাটির জন্য তথ্যসংগ্রহ করার মাধ্যমে ‘ডাবল এজেন্ট’ হতে রাজি না হলে সিদ্ধার্থকে বাকি জীবন জেলে কাটাতে হবে অথবা মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছিল এমআইফাইভ- এমন অভিযোগও পাওয়া গেছে।

দ্বিতীয় এই যোগাযোগের কয়েকদিন পরই ২০১৪-র সেপ্টেম্বরে নিষিদ্ধ ঘোষিত আল মুহাজিরুনের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে উগ্রপন্থি ইমাম আঞ্জাম চৌধুরীর সঙ্গে ধরকেও গ্রেপ্তার করা হয়।

Image
আইএসের সাম্প্রতিক ভিডিওতে মুখোশধারী এই ব্যক্তিই সন্দেহভাজন সিদ্ধার্থ ধর। ছবি: ইন্ডিপেনডেন্ট

আইএসের সাম্প্রতিক ভিডিওতে মুখোশধারী এই ব্যক্তিই সন্দেহভাজন সিদ্ধার্থ ধর। ছবি: ইন্ডিপেনডেন্ট

নিরাপত্তা সূত্রগুলো বলছে, “ধরের (সিদ্ধার্থ) বিষয়ে এমআইফাইভের কাছে প্রচুর গোয়েন্দা তথ্য ছিল। তাকে একজন জঙ্গি ইসলামপন্থি হিসেবে বিবেচনা করা হতো। সম্ভাব্য হুমকি হওয়া সত্বেও তিনি এমআইফাইভের সম্ভাব্য সম্পদও ছিলেন।”

নিরাপত্তা সূত্রগুলো আরো জানিয়েছে, “ধরকে (সিদ্ধার্থ) বলা হয়েছিল, যুক্তরাজ্যের জীবনে তার আর জিহাদি হওয়া হবে না। তিনি যদি সিরিয়া চলে যান তবে যুদ্ধে অথবা ড্রোন হামলায় নিহত হবেন বলেও সতর্ক করে এমআইফাইভ। তার সামনে একমাত্র বিকল্প, একজন এজেন্ট হয়ে যাওয়া।”

গেল সপ্তাহে প্রকাশিত এক তথ্যে দেখা যায়, সিদ্ধার্থ সিরিয়া পালিয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর স্কটল্যান্ড ইয়ার্ড তাকে তার পাসপোর্ট জমা দেওয়ার লিখিত নির্দেশ দিয়েছিল।

এসব তথ্য প্রকাশে যুক্তরাজ্য থেকে সিদ্ধার্থ ধরের পালিয়ে যাওয়া ঠেকাতে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের ব্যর্থতার বিষয়ে প্রশ্ন উঠবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, “গুরুতর কোনো ভুল হচ্ছে এটি পরিষ্কার।”