২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটক কমছে তাজমহলে

ইতিহাস, প্রেম আর স্থাপত্যের অনন্য নিদর্শন ভারতের ‘তাজমহল’কে ঘিরে আগ্রহ কমছে দেশি-বিদেশি পর্যটকদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 11:08 AM

Updated : 20 Aug 2022, 11:33 AM

গত তিন বছরে সেখানে পর্যটক ৬-৮ শতাংশ হারে কমছে বলে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-র পরিসংখ্যান উদ্ধৃত করে জানিয়েছে আনন্দবাজার।

বলা হচ্ছে, পরিকাঠামোগত দুরবস্থার পাশাপাশি ক্রমবর্ধমান অপরাধের হার, যানজট আর দূষণের কারণে সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান নির্মিত এ সৌধে আর ভিড় জমছে না।

বিক্রি করা টিকেটের তথ্য দিয়ে এএসআই জানিয়েছে, ২০১২ সালে ইউনেস্কো ঘোষিত  বিশ্বঐতিহ্য তাজমহল দেখতে আগ্রায় এসেছিলেন ৭ লাখ ৯০ হাজার বিদেশি। পরের দু’বছরে এ সংখ্যা যথাক্রমে ৭ লাখ ৪০ হাজার ও ৬ লাখ ৯০ হাজার।

২০১৫ সালেও নিম্নমুখী এ ধারা অব্যাহত ছিল বলে এএসআই কর্তৃপক্ষ জানিয়েছে। গতবছর পর্যটক কমেছে আগের বছরের চেয়ে ৬.৮ শতাংশ।

তবে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে এই গ্রাফটি ঊর্ধ্বমুখী ছিল। সে সময় পর্যটকের ভিড় বাড়ছিল বছরে ১০-১৫ শতাংশ হারে। ২০১০-এ ৬ লাখ ১০ হাজার পর্যটক ছিল, পরের বছর তা বেড়ে দাঁড়িয়েছিল ৬ লাখ ৭০ হাজারে।

কী কারণে এই দর্শকখরা?

পর্যটন ব্যবসায়ীরা এর দায় দিয়েছেন শহরের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতাকে। তাদের ভাষ্য, বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র বলে এর সব ‘ঘটনা’র দিকেই পর্যটকদের আগ্রহ থাকে।

Image
তাজমহল

তাজমহল

“এখানে বিদেশিদের সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ফলাও করে লেখা হয়,” আনন্দবাজারকে বলেন ফেডারেশন অব ট্র্যাভেল অ্যাসোসিয়েশন অব আগ্রার প্রেসিডেন্ট রাজিব তিওয়ারি।

সম্প্রতি শহরের একটি হোটেলে বিদেশি এক দম্পতির মৃত্যুর ঘটনাকে উল্লেখ করে তিওয়ারি বলেন, এ ধরনের ঘটনায় ‘নেগেটিভ পাবলিসিটি’ হয়।

শুধু বেড়ে চলা অপরাধের সংখ্যা এবং আইন-শৃঙ্খলার অবনতি নয়, ট্র্যাভেল ইন্ডাস্ট্রির শীর্ষ কর্তাদের বরাতে আনন্দবাজার জানিয়েছে, দেশি-বিদেশি পর্যটকদের জন্য যে মাত্রার অবকাঠামো দরকার, তা নেই আগ্রাতে।

এর সঙ্গে যানজট ও পরিবেশ দূষণকেও দুষছেন তারা।

গত বছরের নভেম্বরে দূষণের হাত থেকে তাজমহলকে বাঁচাতে এর পাশে থাকা একটি শ্মশান সরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট।

শ্মশানের ধোঁয়ায় তাজমহলের সাদা মর্মর পাথর জৌলুস হারাচ্ছিল বলে তখন বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল।

পুরনো খবর:

তাজমহল রক্ষায় এবার শ্মশান সরানোর নির্দেশ