যুক্তরাষ্ট্রে ‘ইসলামের নামে’ পুলিশের উপর গুলি
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ‘সমর্থক’ এক বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার জানান, বন্দুকধারী ‘ইসলামের নামে’ ওই পুলিশ কর্মকর্তার গাড়িতে চোরাগোপ্তা হামলা চালান।
কর্তৃপক্ষ বলছে, ওই দিন মধ্যরাতের কিছুক্ষণ আগে ফিলাডেলফিয়ার বাসিন্দা এডওয়ার্ড আর্চার পুলিশ কর্মকর্তা জেসি হার্টনেটের (৩৩) দিকে এগিয়ে গিয়ে অন্ততপক্ষে ১১ রাউন্ড গুলি ছোঁড়ে। তিনটি গুলি হার্টনেটের হাতে লেগেছে।
রাস্তায় লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়া হামলার ভিডিও প্রকাশ করেছে পুলিশ। তাতে দেখা যায়, পাঞ্জাবির মতো সাদা লম্বা আলখাল্লা পড়া এক বন্দুকধারী পুলিশ কর্মকর্তার গাড়ির কাছে দৌড়ে গিয়ে গুলি করছে।
শেষ পর্যন্ত ওই ব্যক্তি গাড়ির জানালা দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার মতো কাছাকাছি অবস্থানে পৌঁছে যায়।
পুলিশ কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, গুলিবিদ্ধ অবস্থাতেই হার্টনেট তার গাড়ি থেকে বের হয়ে পাল্টা গুলি ছোঁড়েন। এতে হামলাকারী আর্চারের শরীরে তিনটি গুলি লাগে।
কয়েক মিনিটের মধ্যেই আশেপাশে থাকা অন্যান্য পুলিশ কর্মকর্তারা আহত আর্চারকে গ্রেপ্তার করেন। পরে পুলিশের কাছে হামলা চালানোর কথা স্বীকার করে আর্চার বলেন তিনি ‘ইসলামের জন্য’ এ কাজ করেছেন।
হামলাকারী এডওয়ার্ড আর্চার। ছবি: রয়টার্স
