২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি দূতাবাসে হামলার অভিযোগ প্রত্যাখ্যান সৌদি জোটের

ইয়েমেনের রাজধানী সানায় ইরানি দূতাবাসে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 03:40 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

বিবিসি বলছে, বৃহস্পতিবার সানায় ইরানি দূতাবাসে রকেট হামলার এই ঘটনায় জাতিসংঘে অভিযোগ জানানোর ঘোষণা দিয়েছে ইরান।

ইরান দাবি করেছে, হামলায় দূতাবাসের একজন রক্ষী গুরুতর আহত হয়েছেন।

তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইরানি দূতাবাসের কাছে কোনো অভিযান চালানো হয়নি।

সম্প্রতি সৌদি আরবে শীর্ষ এক শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে দু’দেশ কূটনৈতিক বিবাদে জড়িয়ে পড়েছে।

এ ঘটনার জেরে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ জনগণ।

এর পরিপ্রেক্ষিতে ইরান থেকে কূটনীতিক ফিরিয়ে নেয়াসহ দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের অভিযোগ মিথ্যা। সানায় ওই দূতাবাসের কাছে কোনো অভিযান চালানো হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, তারা তদন্ত করে নিশ্চিত হয়েছেন, দূতাবাস ভবন নিরাপদ রয়েছে এবং সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তবে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, “সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলা চলাকালে দূতাবাসের কাছে একটি রকেট আঘাত হানে এবং দুঃখজনকভাবে একজন রক্ষী গুরুতর আহত হন।”

তিনি আরো বলেন, “আমরা এই হামলার ব্যাপারে বিস্তারিত নিরাপত্তা পরিষদে জানাবো।”

এরআগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছিল, হামলায় দূতাবাসের কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। সৌদি আরব ‘ইচ্ছাকৃতভাবে’ এ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

তবে ইরানে পরবর্তী কয়েকটি খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র কেবল দূতাবাসের আশেপাশের এলাকায় আঘাত হেনেছে।

ইরানের দূতাবাসটিতে পুরোদমে কাজ চলছিল কিনা স্পষ্ট জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

সানার অধিবাসীরা বৃহস্পতিবার হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে শহরটিতে সৌদি-নেতৃত্বাধীন জোট বাহিনীর একের পর এক বিমান হামলা হওয়ার কথা জানায়।

তবে বিমান হামলায় দূতাবাসের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে শহরটির অধিবাসী ও প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থল থেকে একজন সাংবাদিকও দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি চোখে পড়েনি বলে জানিয়েছেন।

রিয়াদ সরকার হুতি বিদ্রোহীদেরকে সমর্থন দেওয়ার জন্য ইরাকে দায়ী করে আসছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করছে।