২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরও রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 01:44 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

ইসরায়েলি সেনাদের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

নিহত চার ফিলিস্তিনি ছুরি হাতে ইসরায়েলি সেনাদের আঘাত করার চেষ্টা চালিয়েছিলেন বলে ইসরায়েল দাবি করেছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গুশ ইতজিয়ন জংশনে বৃহস্পতিবার রাতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখানে আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। অপর এক ফিলিস্তিনি হেবরনের কাছে নিহত হয়েছেন।

এ ঘটনায় কোনো ইসরায়েলি সেনা আহত হননি। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “গুশ ইতজিয়ন জংশনে পাহারারত ইসরায়েলি সেনাদের উপর তিন ব্যক্তি ছুরিহাতে হামলা চালায়।”

ফিলিস্তিনি গণমাধ্যমে নিহত ওই তিন ব্যক্তির নাম মুহান্নাদ কাওয়াজবেহ (২০), আহমেদ কাওয়াজবেহ (২১) এবং আলা কাওয়াজবেহ (২০)। এরা সবাই হেবরনের উত্তর-পূর্বাঞ্চলীয় সায়ের গ্রামের বাসিন্দা।

এর কিছু সময় পর হেবরনের কাছে ইসরায়েলি সেনাদের উপর ছুরি নিয়ে হামলা চালাতে গিয়ে এক ফিলিস্তিনি নিহত হন। খালিল সালালদা নামে ১৬ বছর বয়সী ওই কিশোরের বাড়িও সায়েরের বাসিন্দা।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত-সহিংসতা বেড়ে গেছে।

গেল ১ অক্টোবর থেকে ছুরি হামলা, গাড়িচাপা ও গুলি চালিয়ে ২২ ইসরায়েলিকে হত্যা করেছে ফিলিস্তিনিরা।

বিপরীতে ফিলিস্তিনি নিহত হয়েছেন ১৪০ জন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি ফিলিস্তিনিকে হামলাকারী বলে বর্ণনা করেছে ইসরায়েল।

বাকিরা ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইহুদি রাষ্ট্রটি।