মৃত্যুদণ্ড কার্যকর বাড়ার মুখে সৌদি আরবকে যুক্তরাজ্যের ছাড়!
এখনও বছরে ৯০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার পরও যুক্তরাজ্য তাদের মৃত্যুদণ্ড বিষয়ক নীতিমালায় ‘অগ্রাধিকার দেশের’ তালিকা থেকে সৌদি আরবকে বাদ দিয়েছে।
বিশ্বজুড়ে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর কমাতে ২০১১ সালে ২০ পাতার ‘ডেথ পেনাল্টি স্ট্র্যাটেজি’ (মৃত্যুদণ্ড বিষয়ক নীতিমালা) গ্রহণ করে যুক্তরাজ্য।
নীতিমালায় মৃত্যুদণ্ড বন্ধে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। ‘অগ্রাধিকার দেশ’ নামে একটি তালিকাও করা হয়।
তালিকাভূক্ত দেশগুলোকে পাঁচ বছরের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করতে ব্রিটিশ কূটনীতিকরা ‘উৎসাহিত করবে’, ‘সক্রিয়ভাবে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার আইন থেকে সরিয়ে আনবে’ এবং ‘মৃত্যুদণ্ড কার্যকরের হার কমিয়ে এ দণ্ড বিলোপের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাবে’ বলে উল্লেখ করা হয় নীতিমালায়।
‘অগ্রাধিকার দেশ’ এর এই তালিকায় চীন, ইরান, বেলারুশ, যুক্তরাষ্ট্র ও বারবাডোসের নাম রয়েছে। সিঙ্গাপুর ও জর্ডানের নামও রয়েছে এ তালিকায়। অথচ এই দেশগুলোতে ২০১৪ সালে ১০ জনের কমজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
‘দ্য ইন্ডিপেনডেন্ট’ জানায়, সৌদি আরবকে এ তালিকা থেকে বাদ দেওয়া খুবই ‘জঘন্য’ কাজ হয়েছে বলে মনে করেন ‘ডেথ পেনাল্টি’ টিমের পরিচালক মায়া ফয়া।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে প্রথম পাঁচটিতে অবস্থান করছে সৌদি আরব। অহিংস অপরাধের (যার মধ্যে সরকারের বিরুদ্ধে আন্দোলনও রয়েছে) কারণেও দেশটিতে অনেক মানুষের শিরশ্ছেদ করা হয়।”
“তাই যুক্তরাজ্যের মৃত্যদণ্ড বিষয়ক নীতিমালায় অগ্রাধিকার দেশের তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ পড়া খুবই জঘন্য ব্যাপার। যেখানে চীন, ইরান, ইরাক, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মত দেশের নাম তালিকায় রয়েছে।”
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নীতিমালা বিষয়ক প্রধান অ্যালান হোগার্থ একে ‘বিস্ময়কর’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, “যুক্তরাজ্য সরকার ধীরে ধীরে সৌদি আরবের কাছে নতি স্বীকার করছে এবং দেশটিতে মানবাধিকারের চরম লঙ্ঘনের পরও তাদের সমালোচনা করা এড়িয়ে যেতে চাইছে। বিষয়টি আমাদের দিন দিন আরও আতঙ্কগ্রস্ত করে তুলছে।
মানবাধিকার গ্রুপ এবং বিরোধী রাজনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যুক্তরাজ্য শত শত কোটি পাউন্ডের প্রতিরক্ষাচুক্তি এবং নিরাপত্তা সহযোগিতা অক্ষুন্ন রাখতে সৌদি আরবকে এ ছাড় দিয়েছে।
যুক্তরাজ্য এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের ‘ছায়াময়’ দিকটিতে ‘আলোকপাত’ করার সময় হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির লিবারেল ডেমোক্র্যাট নেতা টিম ফ্যারন।
তিনি আরও বলেন, সৌদি আরব একটি বর্বর শাসকগোষ্ঠীর দেশ। যুক্তরাজ্য সরকারের উচিত তাদের বিরুদ্ধে দাঁড়াতে আরও বেশিকিছু করা। দুই দেশের সম্পর্কের ছায়াময় দিকটিকে সামনে নিয়ে আসতে তিনি যুক্তরাজ্যে বিতর্ক আহ্বান করেন।
