মাওয়ের বিশাল মূর্তি গড়ছে চীন
চেয়ারম্যান মাও জে দংয়ের ৩৭ মিটার উচ্চতার স্বর্ণখচিত এক বিশাল মূর্তি গড়ছে চীন।
মধ্য চীনের হেনান প্রদেশের থুংশু কাউন্টির এক ক্ষেতের মধ্যে কিংবদন্তি এই কমিউনিস্ট নেতার মূর্তিটি বসানো হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।
চীনের গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, এ মূর্তি বসাতে প্রায় ৩০ লাখ ইউয়ান বা চার লাখ ৬০ হাজার ডলারের ব্যয়ের বেশিরভাগটাই যোগান দিচ্ছেন স্থানীয় এক ব্যবসায়ী।
তার সঙ্গে এই প্রকল্পের অর্থায়নে গ্রামবাসীরাও অংশ নিচ্ছে বলে দ্য পিপলস ডেইলির খবরে বলা হয়েছে।
বিবিসি বলেছে, মূর্তিটি যে প্রদেশে বসানো হচ্ছে, তা মাওয়ের গৃহীত নীতির কারণে সৃষ্ট ১৯৫০ এর দশকের দুর্ভিক্ষের শিকার হয়, যেখানে লাখ লাখ মানুষের মৃত্যু হয়।
মূর্তি বসানোকে অপচয় ধরে নিয়ে অনলাইনে সমালোচনা হচ্ছে; স্থান নির্বাচনকেও ‘অবিবেচনাপ্রসূত’ বলছে কেউ কেউ। তবে অনেকেই মূর্তি বসানোর পক্ষে দাঁড়িয়েছে।
দুর্ভিক্ষে এতগুলো মৃত্যুর জন্য মাওকে দায়ী করা হলেও কমিউনিস্টদের কাছে এখনো তিনি সম্মানিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ‘বড় ব্যক্তিত্ব’ হিসেবে তার প্রশংসা করেছেন।
চীনের প্রেসিডেন্ট পদে ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রচেষ্টায় নিজের পক্ষে সমর্থন তৈরিতে মাওকে পূর্বসূরি মানলেও সাবেক এই নেতা ‘ভুল করেছেন’ বলে স্বীকার করেছেন শি।
