২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরান থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিচ্ছে কুয়েত

সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সুদানের পর এবার একই কাতারে সামিল হয়েছে কুয়েত। ইরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 06:06 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

সৌদি আরব শীর্ষ শিয়া নেতা শেখ নিমর আল-নিমর সহ ৪৭ জনের মৃত্যুদন্ড কার্যকর করার পর ইরান-সৌদি চলমান উত্তেজনার মধ্যে কুয়েত এ ঘোষণা দিল। 

নিমর হত্যাকে কেন্দ্র করে তেহরানের সৌদি দূতাবাসে রোববার জ্বালাও-পোড়াও করেছে বিক্ষোভকারীরা। এর জবাবে সৌদি আরব ইরানের সঙ্গে সব কূটনৈতিক ওবাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরবের সঙ্গে যোগ দেয় এর মিত্র দেশগুলোও।

আর এখন সৌদি আরবকে সমর্থন দিল কুয়েতও। সৌদি দূতাবাসে যে ভাঙচুর চালানো হয়েছে তা আন্তর্জাতিক প্রথার সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে কুয়েত সরকার।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুয়েত তেহরান থেকে তাদের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে। তবে ইরানের রাষ্ট্রদূতকে দেশ থেকে বের করে দেয়নি কিংবা কূটনৈতিক সম্পর্কও হ্রাস করেনি বলে জানিয়েছে বিবিসি।

কুয়েতের রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার ঘোষণায় ওই অঞ্চলে উত্তেজনা আরো বাড়ল বলেই মনে করছেন বিশ্লেষকরা।  যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং তুরস্ক অঞ্চলটিতে শান্তি বজায় রাখার ডাক দিয়েছে।