২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরানের সঙ্গে বিমান চলাচল ও বাণিজ্য বন্ধ করবে সৌদি’

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এবার বিমান চলাচল ও বাণিজ্য সম্পর্ক বন্ধ করার মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দূরত্ব আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Jan 2016, 11:24 AM

Updated : 12 Apr 2022, 01:09 AM

সোমবার এসব সিদ্ধান্তের কথা জানিয়ে ভেঙে পড়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে ইরানকে ‘অবশ্যই স্বাভাবিক দেশের মতো আচরণ’ করতে হবে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বলেছেন, সৌদি আরব শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর উত্তেজনা বৃদ্ধির জন্য দায়ী তেহরান। নিমরকে ‘সন্ত্রাসী’ হিসেবেও অভিহিত করেন তিনি।  

আরব দেশগুলোতে তেহরান যোদ্ধা পাঠাচ্ছে এবং সৌদি আরব ও এর প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে অভিযোগ করে জুবেইর বলেন, “ইরানি আগ্রাসনের প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে রিয়াদ।”   

তিনি আরো বলেন, “সৌদি আরবের পক্ষ থেকে কোনো উস্কানি নেই। আমাদের সব পদক্ষেপই প্রতিক্রিয়ামূলক। লেবাননে ইরানিরাই গেছে, তারাই তাদের কুদস বাহিনী ও বিপ্লবী রক্ষীদের সিরিয়ায় পাঠিয়েছে।” 

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এসব অভিযোগ অস্বীকার করে তেহরান বলেছে, সিরিয়া ও ইরাকি সরকারের অনুরোধে তারা শুধু সামরিক উপদেষ্টাদের সেখানে পাঠিয়েছে এবং উপসাগরীয় দেশগুলোতে কোনো হামলার পরিকল্পনা করছে না।

নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর মধ্যপ্রাচ্যজুড়ে শিয়ারা তীব্র প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে এবং প্রতিবাদকারীরা তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এর প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। এতে মধ্যপ্রাচ্যের এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিদ্যমান উত্তেজনা আরো বাড়ল।

জুবেইর বলেন, “আমরা ইরানের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করতে যাচ্ছি। দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কও বন্ধ করবো। জনগণকে ইরান ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করবো।”
 তবে ইরানি তীর্থযাত্রীরা মক্কা, মদিনার মতো পশ্চিম সৌদি আরবের ইসলামিক পবিত্র স্থানগুলো হজের সময় ও অন্যান্য সময় ওমরা পালনের উদ্দেশ্যে পরিদর্শন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।