ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বাহরাইনও
শিয়া নেতা শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে বিরোধে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এবার বাহরাইনও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে।
ইরানি কূটনীতিকদেরকে ৪৮ ঘন্টার মধ্যে বাহরাইন ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া বার্তা সংস্থা।
বাহরাইন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নানা বিষয়ে অনবরত ইরানের হস্তক্ষেপের কারণে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন। এক সরকারি বিবৃতির উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে বাহরাইনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা।
এর আগে নিমর হত্যার প্রতিবাদে ইরানের সৌদি দূতাবাসে বিক্ষোভ, জ্বালাও-পোড়াওয়ের পরিপ্রেক্ষিতে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জু্বেইর দূতাবাসে হামলা ঠেকানোর কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন ইরান কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সৌদি আরব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তীব্র প্রতিক্রিয়া হয় ইরানে। শিয়া বিক্ষোভকারীরা রোববার দিনের প্রথম দিকে গভীর রাতে তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে মিছিল নিয়ে ঢুকে পড়ে এবং আসবাবপত্র ভাঙচুর করে আগুন দেয়।
সৌদি আরবের শিয়া নাগরিক শেখ নিমর দেশটির ক্ষমতাসীন রাজপরিবারের কড়া সমালোচক ছিলেন। রাজতন্ত্রের সমালোচনা করায় ‘বিচারের নামে প্রহসন করে’তাকে ‘হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ ইরানের।
