ইরান ছেড়েছেন সৌদি কূটনীতিকরা
তেহরানে দূতাবাস আক্রান্ত হওয়ার পর ইরান ছেড়ে দেশের পথে রওয়ানা হয়েছেন সৌদি কূটনীতিকরা।
সোমবার সকালে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়া জানায়, ইরান ছেড়ে আসা কূটনীতিকরা দেশে আসার পথে দুবাইয়ে নেমেছেন।
তেহরানের সৌদি দূতাবাসে উত্তেজিত জনতার হামলার প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
তেহরানে বিক্ষুব্ধ ইরানিরা সৌদি দূতাবাসে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। ছবি: রয়টার্স
শনিবার সৌদি আরব শেখ নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানায়।
নিমরের মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছিল ইরান। তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সৌদি আরবকে ‘বড় ধরনের খেসারত’ দিতে হবে বলে হুঁশিয়ার করেছিল।
এখন নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শিয়া ইরান ও সুন্নি সৌদি আরবের মধ্যে তীব্র কূটনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। এতে ইতোমধ্যেই অস্থিতিশীল হয়ে থাকা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
