২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে মেয়রের দায়িত্ব গ্রহণের ২৪ ঘন্টার মধ্যেই খুন        

মেক্সিকোর টেমিক্সকো শহরের মেয়রের দায়িত্ব গ্রহণের একদিনের মধ্যেই খুন হয়েছেন নবনির্বাচিত মেয়র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jan 2016, 11:32 AM

Updated : 12 Apr 2022, 01:08 AM

মেক্সিকো সিটির সংবাদপত্র এল ইউনির্ভাসাল জানায়, শনিবার নিজ বাড়িতে চার বন্দুকধারীর হামলায় নিহত হন মেয়র গিসেলা মোতা।

নিজ ট্যুইটার একাউন্টে মোতার নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন স্থানীয় মোরেলোস রাজ্যের গভর্নর গ্রাকো রামিরেজ।  

শুক্রবার নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু ২৪ ঘন্টা পার হওয়ার আগেই টেমিক্সকোর নিজ বাড়িতে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারান তিনি।

মোরেলোসের প্রধান আইন কর্মকর্তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ কথিত দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে এবং অপর দুই সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

নিহত মেয়র মোতা বামপন্থি ডেমোক্রেটিক রেভোল্যুশন পার্টির নেতা এবং মেক্সিকোর কেন্দ্রীয় কংগ্রেসের সাবেক সদস্য ছিলেন।

রাজধানী মেক্সিকো সিটি থেকে ১০০ কিলোমিটার দূরের টেমিক্সকো শহরটিতে প্রায় এক লাখ লোক বসবাস করে।

গত বছর মেক্সিকোতে বেশ কয়েকজন মেয়রকে খুন করা হয়। দেশটিতে মাদক ব্যবসার অর্থে পুষ্ট সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো অনেক এলাকায় সমাজ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে।