২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা ওবামার

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে কংগ্রেসের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে এককভাবে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jan 2016, 12:56 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের নিয়ন্ত্রণ কঠোর করে সহিংসতা হ্রাস করার এ উদ্যোগ বাস্তবায়নে কংগ্রেসকে পাশ কাটানোর চেষ্টা করছেন তিনি। 

কংগ্রেসকে এড়াতে তিনি এমন পথ বের করতে চান যেখানে প্রস্তাবকে আইনে পরিণত করতে কংগ্রেসের অনুমোদন লাগবে না, এ নিয়ে আলোচনা করতে সোমবার তিনি যুক্তরাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা লোরেটা লিঞ্চের সঙ্গে বসবেন। 

রেকর্ড করে সম্প্রচারিত তার সাপ্তাহিক ভাষণে শুক্রবার ওবামা বলেন, “অনেক অভিভাবক, শিক্ষক ও শিশুরা কিছু করা হচ্ছে না বলে অনুযোগ করে চিঠি পাঠিয়েছেন।

“কয়েক মাস আগে, আমি আমার হোয়াইট হাউসের টিমকে নির্দেশ দিয়েছি, আগ্নেয়াস্ত্রের সহিংসতা হ্রাস করতে আমি সহায়তা করতে পারি, এমন নতুন কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না। বিষয়টি নিয়ে আলোচনা করতে সোমবার আমি আমাদের প্রধান আইন কর্মকর্তা লোরেটা লিঞ্চের সঙ্গে বসছি।”

যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার জন্য কংগ্রেসের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন ওবামা। ২০১২ সালে কনেটিকাটের নিউটাউনের এলিমেন্টারি স্কুলে নির্বিচার হত্যাকাণ্ডের পর বিষয়টি নিয়ে আরো সোচ্চার হয়ে ওঠেন তিনি। 

এরপর কলোরাডোর কলোরাডো স্প্রিংসে ও সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে নির্বিচার হত্যাকাণ্ডের পর বিষয়টি নিয়ে আরো জোড়ালো অবস্থান নিয়েছেন তিনি। 

বিষয়টি নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞের মতামত প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট বলেছে, ওবামা ও লিঞ্চ নির্বাহি পদক্ষেপ চূড়ান্ত করতে পারবেন, যে ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে না।

আগামী সপ্তাহে তিনি এ ধরনের কোনো পদক্ষেপের সিদ্ধান্ত জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

কংগ্রেসের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাবকে আইনে পরিণত করতে ‘তার দপ্তরের যে ক্ষমতা আছে তাই’ ব্যবহার করার প্রত্যয় জানিয়েছেন ওবামা।