চৌ এন লাই সমকামী ছিলেন!
দীর্ঘ বিবাহিত জীবন সত্বেও কমিউনিস্ট চীনের প্রথম প্রধানমন্ত্রী চৌ এন লাই সম্ভবত সমকামী ছিলেন এবং একসময় দুই বছরের ছোট এক স্কুল সহপাঠীর প্রেমে পড়েছিলেন।
নতুন বছর হংকংয়ে প্রকাশিত হতে যাওয়া একটি বইয়ে এসব কথা বলা হয়েছে।
এই মতামত নিশ্চিতভাবেই চীনে বিতর্ক সৃষ্টি করবে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নিজেদের শীর্ষ নেতাদের কলুষহীন ভাবমূর্তি ধরে রাখতেই পছন্দ করে এবং সমকামীতাকে এখানে ভালোভাবে গ্রহণ করা হয় না, তবে সরকারিভাবে সমকামীতাকে কখনো দমন করার চেষ্টা করা হয়নি।
হংকংয়ের লেখক তসোই উয়িং মুই একটি উদারপন্থি রাজনৈতিক সাময়িকীর সম্পাদক ছিলেন। ওই সাময়িকীতে তিনি সমকামীতা বিষয়ক নিজের অনেকগুলো লেখা প্রকাশ করেছিলেন। তবে চৌ এন লাইকে নিয়ে লেখা ‘দ্য সিক্রেট ইমোশনাল লাইফ অব চৌ এন লাই’ তার প্রথম বই।
নিজের লেখা বই ‘দ্য সিক্রেট লাফই অব চৌ এন লাই’ হাতে লেখক তসোই উয়িং মুই, ৩১ ডিসেম্বর, ২০১৫। রয়টার্স
স্ত্রীর আত্মজীবনীতে তার সঙ্গে চৌয়ের আবেগগত দূরত্ব ও স্কুলের সহপাঠীর প্রতি চৌয়ের অনুরক্ততা, এসব বিশ্লেষণ করে মন্তব্যটি করেছেন মুই।
“চৌ এন লাই একজন সমকামী রাজনীতিবিদ ছিলেন এবং দুর্ভাগ্যজনকভাবে ১০০ বছর আগে জন্মেছিলেন.” নিজের বইয়ে মন্তব্য করেছেন তিনি।
১৯৪৯ সালে বিপ্লবের পর থেকে ১৯৭৬ সালে ক্যান্সারে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত চৌ চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। আধুনিক চীনের প্রতিষ্ঠাতা ও চৌয়ের বিপ্লবী সহযোগী মাও সেতুংয়ের মৃত্যুর কয়েক মাস আগে তিনি মারা যান।
