২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে নতুন অবরোধ আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক কোম্পানি ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Dec 2015, 02:35 PM

Updated : 25 Apr 2022, 02:22 PM

ওবামা প্রশাসনের এ ধরনের প্রস্তুতির বিষয়ে জ্ঞাত সূত্রগুলো বুধবার এ কথা জানিয়েছে।

এক আগাম প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে ভূমিকা রাখছে এমন সন্দেহে ইরান, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ১২ কোম্পানি এবং ব্যক্তি সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে।  

জার্নালটি জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, জুলাইয়ে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে (এদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম) হওয়া পরমাণু চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পের সঙ্গে জড়িত ইরানের সম্ভাব্য পক্ষগুলোকে কালো তালিকাভুক্ত করার অধিকার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের আছে।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের শাস্তিকে পরমাণু চুক্তির সমঝোতার লঙ্ঘন বলে বিবেচনা করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সম্প্রতি গোপন এক প্রতিবেদনে জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারককারী একটি দল বলেছে, ১০ অক্টোবর ইরান মাঝারি পাল্লার ইমাদ রকেটের যে পরীক্ষা চালিয়েছে সেটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এবং তা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। এই ধরনের পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন। ­

জাতিসংঘে নিযুক্ত পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিয়ে নিষেধাজ্ঞা কমিটির পক্ষে ইরানের আরো ব্যক্তি ও কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা সম্ভব।

কিন্তু এ ধরনের কোনো প্রস্তাব আনা হলে রাশিয়া ও চীন হয়তো তা ঠেকিয়ে দেবে। কারণ দেশ দুটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে। 

ইমাদ ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম- পশ্চিমাদের এ ধরনের বিবেচনার সঙ্গে দ্বিমত পোষণ করেছে তেহরান।