২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াংসি নদীতে জাহাজডুবি প্রতিবেদনে ‘আবহাওয়া’ দায়ী

জুনে চীনের ইয়াংসি নদীতে একটি প্রমোদতরী ডুবে ৪৫০ জন যাত্রীর মৃত্যুর ঘটনায় এক তদন্ত প্রতিবেদনে জাহাজডুবির জন্য ‘অত্যন্ত অস্বাভাবিক আবহাওয়া’কে দায়ী করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 01:49 PM

Updated : 25 Apr 2022, 02:22 PM

বিবিসি বলছে, প্রতিবেদনে ডুবে যাওয়া জাহাজটির ক্যাপ্টেনের ব্যাপারে তদন্ত করে অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে।

‘অস্বাভাবিক’ জোরালো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের কারণে ইস্টার্ন স্টার নামের জাহাজটি ডুবে গেছে বলে বলা হয়েছে।

প্রতিবেদনে জাহাজটির ৪৩ জন অধস্তন কর্মকর্তাকে দুর্ঘটনার জন্য আংশিকভাবে দায়ী করে তাদের বরখাস্ত করতে অথবা শাস্তি দিতে বলা হয়েছে।

এপ্রিলে চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিং থেকে রওয়ানা হয়ে ইয়াংসি নদী বেয়ে জাহাজটি দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চোংকিং শহরের দিকে যাচ্ছিল। অন্ততপক্ষে দেড় হাজার কিলোমিটার দূরত্বের এ পথের প্রায় মাঝামাঝি আসার পর জাহাজটি দুর্ঘটনার শিকার হয়।

১ জুন রাতে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ টর্নেডোতে পড়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি উল্টে যায়। প্রতিবেদনে প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টিপাতকেও জাহাজটি উল্টে যাওয়ার জন্য দায়ী করা হয়েছে।

জাহাজটির ক্যাপ্টেন ও অন্যান্য কর্মীরা বিপজ্জনক এ পরিস্থিতিতেও ‘পর্যাপ্ত সাড়া’ দেননি এবং তারা দুর্যোগের বার্তা পাঠাতেও ব্যর্থ হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিরূপ এ আবহাওয়ার মধ্যে জাহাজ চালানোর বিপদ সম্পর্কে ক্যাপ্টেন অসতর্ক ছিলেন উল্লেখ করে তার জাহাজ পরিচালনার যোগ্যতা সনদ বাতিল করার সুপারিশ করা হয়েছে।

তবে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা উচিত কিনা তা আইনি কর্তৃপক্ষকে পরীক্ষা করে দেখার সুপারিশ করা হয়েছে।

জাহাজটি অতিরিক্ত যাত্রীবহন করছিল না এবং এতে পর্যাপ্ত জীবনরক্ষাকারী ভেস্ট ছিল কিন্তু পরিচালনা কোম্পানি জাহাজটির পরিস্থিতির দিকে পর্যাপ্ত নজরদারি করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

ডুবে যাওয়া জাহাজটির ৪০৫ জন যাত্রীর মধ্যে অধিকাংশ ছিলেন বয়োবৃদ্ধ ব্যক্তি। তারা অবসর বিনোদনে বেরিয়েছিলেন। তবে তিন বছরের এক শিশুও ছিল।

এছাড়া জাহাজটিতে ট্রাভেল এজেন্সির পাঁচকর্মী এবং ৪৬ জন ক্রু সদস্য ছিলেন। আরোহীদের মধ্যে মাত্র ১২জন প্রাণে রক্ষা পান।

এটি ছিল ছয় দশকের মধ্যে চীনের সবচেয়ে বড় জাহাজ দুর্ঘটনা। ঘটনাটি দেশের মানুষের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছিল।