২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার শঙ্কায় ব্রাসেলসে আতশবাজি উৎসব বাতিল

জঙ্গি হামলার আশঙ্কায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নতুন বছরের প্রাক্কালে আতশবাজি পোড়ানোর ঐতিহ্যবাহী উৎসব বাতিল করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Dec 2015, 01:03 PM

Updated : 25 Apr 2022, 02:22 PM

বুধবার ব্রাসেলসের মেয়র ইভান মায়ুর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিবিএফ-এ সিদ্ধান্তটি ঘোষণা করেন। 

তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছি।” 

মঙ্গলবার দেশটির সরকারি আইনজীবীরা জানিয়েছিলেন, বেলজিয়ামের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি তল্লাশির সময় নতুন বছরের প্রাক্কালে ব্রাসেলসের হামলা চালানোর পরিকল্পনা করছে সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। 

গ্রেপ্তার সন্দেহভাজন দুই ব্যক্তি মোটরবাইক ক্লাব কামিকাজে রাইডার্সের সদস্য। ক্লাবটির অধিকাংশ সদস্যই উত্তর আফ্রিকীয় বংশোদ্ভূত। বাইক নিয়ে করা এদের বিভিন্ন কলাকৌশলের ভিডিও অনলাইনে পাওয়া যায়। 

বৃহস্পতিবার গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হতে পারে।  

১৩ নভেম্বর প্যারিসে চালানো ভয়াবহ জঙ্গি হামলার সঙ্গে বেলজিয়ামে বসবাস করা জঙ্গিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্যারিস হামলার দুই আত্মঘাতী ব্রাহিম আব্দেস্লাম এবং বিলাল হাদফি বেলজিয়ামে বসবাস করতেন। ওই হামলায় ১৩০ জন নিহত হন।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্যারিসে হামলা চলার সময় বেলজিয়াম থেকে অন্ততপক্ষে একজন সন্দেহভাজন মোবাইল ফোনে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। 

বুধবার ফ্রান্সের তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র প্রতিবেদনে প্রকাশিত তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শেষবার ২০০৭ সালে ব্রাসেলসের নতুন বছরের আতশবাজি উৎসব বাতিল করা হয়েছিল। ওই বছরও নিরাপত্তা শঙ্কায় উৎসবটি বাতিল করা হয়।