২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নারী আত্মঘাতীদের বোমা হামলায় ৫০জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 12:10 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বিবিসি বলছে, আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরের একটি বাজারে দুই আত্মঘাতীর বোমা হামলায় ২৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন।

প্রদেশটির প্রতিবেশি বর্নো প্রদেশের মাইদুগুরিতে একাধিক হামলায় ৩০জনেরও বেশি মানুষ নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

গেল সপ্তায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট দাবি করেছিলেন, ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের জঙ্গিদের বিরুদ্ধে ‘কৌশলগত বিজয়’ অর্জিত হয়েছে।

হামলাগুলোর জন্য বোকো হারামকেই দায়ী করা হচ্ছে।

দেশটির রাজধানী আবুজায় নিযুক্ত বিবিসির প্রতিনিধি আব্দুল্লাহি কাউরা আবুবাকার জানিয়েছেন, বোকো হারামের জিহাদিরা প্রমাণ করার চেষ্টা করছেন, তারা এখনো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সংক্ষম।

এই জঙ্গি গোষ্ঠীটিকে পরাজিত করার অঙ্গীকার নিয়ে চলতি বছরের মে মাসে দায়িত্বগ্রহণকারী দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গেল সপ্তায় বলেছিলেন, জঙ্গি এই গোষ্ঠীটির নিরাপত্তা বাহিনী ও জনসমাগমস্থলে আগের মতো হামলা চালানোর শক্তি নেই।

তিনি আরো বলেছিলেন, গোষ্ঠীটির বোমা হামলা করে লড়াই চালানোর ক্ষমতা কমে গেছে।

মাদাগালিতে দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা নিশ্চিত করেছেন আদামাওয়া প্রদেশের সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ভিক্টর এজুগু।

স্থানীয় সরকারের সাবেক চেয়ারম্যান ও সামাজিক নেতা মাইনা উলারামু জানিয়েছেন, দুই নারী আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এতে অন্ততপক্ষে ৩০জন নিহত হয়েছেন।

অন্যদিকে মাইদুগুরির শহরতলীতে দাওয়ারি গ্রামে হামলা চলাকালে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানে ১০জন আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যা করা হয় বলে মুখপাত্র কর্নেল মুস্তাফা আঙ্কা জানিয়েছেন।

স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, জঙ্গিরা রকেট প্রপেলড গ্রেনেড ও ট্রাক নিয়ে গ্রামটিতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছুঁড়ছিল।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ছয় বছরে বোকো হারামের হামলা-সহিংসতায় প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছেন। জঙ্গি এই গোষ্ঠীটি ১ হাজার স্কুল ধ্বংস করেছে এবং ১৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।

একে বিশ্বের অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী গোষ্ঠী বলে বিবেচনা করা হয়।