কাবুল বিমানবন্দরের কাছে গাড়িবোমা হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।
শহরটিতে বড় ধরনের তালেবান হামলার দু’সপ্তাহ পর এ হামলা হল।
আফগানিস্তানে নিরাপত্তা কর্মীদের ব্যবহৃত সাদা পিকআপ ট্রাকের মত দেখতে একটি ট্রাক লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণে ট্রাকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাবুল পুলিশ প্রধান আব্দুল রহমান রাহিমি বলেন, বিস্ফোরণে একজন নিহত এবং তিন নারীসহ ১৩ জন আহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল বেসামরিক এলাকা এবং আফগানদের মধ্যে ভীতি সঞ্চার করা।
তিনি বলেন, “মানবতার শক্রুরা মাদ্রাসার সামনে আত্মঘাতী গাড়িবোমা হামলা করেছে। যেখানে শিশুরা কোরআন এবং ইসলামিক শিক্ষা পাঠ করছিল। এতে বোঝা যাচ্ছে তারা মসজিদ, আল্লাহ এবং কোরআনের শত্রু।”
বিস্ফোরণে একটি মিনিবাস ধ্বংস হওয়া ছাড়াও কাছের দোকনের জানালা উড়ে যায় এবং রাস্তায় ধ্বংশাবষেশ ছড়িয়ে পড়ে।
