২০১৫: ভাইরাল ধোঁকাগুলো
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ‘বিকল্প গণমাধ্যম’ হিসেবে আবির্ভূত হওয়ার পথে ভুয়া ছবি ও ভিডিও বাছতে আরও একটি ব্যস্ত বছর পার করতে হয়েছে সংবাদকর্মীদের।
২০১৫ সালে নেপালের প্রলয়ঙ্করী ভূমিকম্প, ইউরোপমুখী শরণার্থীর ঢল আর প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর বেশ কিছু ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এর মধ্যে কিছু ভিডিও আছে, যার সঙ্গে আসল ঘটনার আদৌ কোনো যোগাযোগ ছিল না।
ফেলে আসা ১২টি মাসের দিকে নজর ফিরিয়ে এরকম বেশ কিছু ঘটনা তুলে আনা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।
ফেইসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইটগুলোতে আসা এসব ছবির অনেকগুলো তৈরি করা হয়েছে পরিষ্কার জালিয়াতির মাধ্যমে। কখনো কখনো এসব পোস্ট ব্যবহারকারীদের আবেগকে চালিত করেছে ভুলপথে।
২০১৫ সালের এপ্রিলে নেপালে ভূমিকম্পের পর যে ছবিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে বেশিবার এসেছে, উপরের ছবিটি তার একটি
ফেইসবুক ও টুইটারে ভাইরাল হয়ে যাওয়া এ ছবির ক্যাপশনে বলা হয়- নেপালের ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ থেকে দুই বছরের বোনকে রক্ষা করতে চার বছর বয়সী ভাইয়ের চেষ্টা। এই ছবি দেখিয়ে ভূমিকম্প দুর্গতদের জন্য সাহায্যও চাওয়া হয়।
দুই শিশুর আলিঙ্গনের এই ছবি আসলে তুলেছিলেন আলোকচিত্রী না সন নগুয়েন, ২০০৭ সালে, ভিয়েতনামের এক প্রত্যন্ত গ্রামে।
ভুল সময়ে ভুল ক্যাপশনে ছড়িয়ে পড়া এই ছবি নিয়ে বিস্ময় প্রকাশ করে নগুয়েন বলেন, “সম্ভবত আমার এই ছবিটিই সবচেয়ে বেশি মানুষ দেখেছে। দুর্ভাগ্য হলো- এটা উপস্থাপিত হচ্ছে ভুলভাবে।”
‘ভূমিকম্পের’ সেই ভিডিও
নেপালে ভূমিকম্পের পর ইউটিউব ও ফেইসবুকে আসা এই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছিল, কাঠমান্ডুর একটি হোটেলের সুইমিংপুলে ‘সিকিউরিটি ক্যামেরা’য় ধরা পড়েছে জলকম্পনের এই ছবি।
আট দশকের মধ্যে নেপালের ভয়াবহতম ওই ভূমিকম্প আসলে কতোটা ভয়াবহ ছিল- তা বোঝাতে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমেও ভিডিওটি প্রচার করা হয় সে সময়।
ছবিটি ভূমিকম্পেরই, তবে নেপালের নয়। ২০১০ সালে মেক্সিকোর ওই ভূমিকম্পের ফুটেজ এর আগেও বহু মানুষ দেখেছে। সময়ের অংশটি মুছে ফেলা হলেও অনেকেই ভিডিওটি চিনতে পেরেছেন। তাদেরই একজন ইউটিউবের এই ভিডিওর নিচে মন্তব্যে লিখেছেন, “যখনই কোনো বড় ভূমিকম্প হয়, তারা এটা সামনে নিয়ে আসে।”
এসব ‘ভুল’ ছবি শুধু ব্যবহারকারীদেরই ‘ভুল দিকে’ পরিচালিত করেনি, বিভ্রান্ত করেছে খোদ ফেইসবুককেও।
ফেইসবুক তাদের ‘ইয়ার ইন রিভিউ’ ভিডিওতেও একটি ভুয়া ভিডিওর অংশ রেখেছিল। বিবিসি বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তা সরিয়ে নেয়া হয়।
এ বছর ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছিল আবদু দিউফ নামে এক শরণার্থীর সেনেগাল থেকে স্পেনে যাওয়ার ধারাবিবরণী।
ডাকার থেকে তার শেয়ার করা একটি সেলফি দিউফকে রাতারাতি খ্যাতি এনে দেয়। প্রকাশের কয়েকদিনের মধ্যে ইন্টারনেটে দিউফের অনুসারী বেড়ে গিয়েছিল কয়েক হাজার। এদের অনেকেই তাকে উৎসাহ দিয়েছেন নানা মন্তব্য করে।
কিন্তু ছবির সঙ্গে দেয়া হ্যাশট্যাগ #ইনস্টালাভারস #রিচকিডসঅবইনস্টাগ্রাম দেখে অনেকের সন্দেহ হওয়ায় খোঁজ করে তারা দেখতে পান, দিউফের ওই ছবিগুলো আসলে স্পেনের একটি আলোকচিত্র উৎসবের প্রচারের অংশ।
বছরের মাঝামাঝি সময়ে শরণার্থী সঙ্কট নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় শঙ্কা জাগানিয়া বেশ কিছু ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিল একজোড়া ছবি, যার একটিতে অস্ত্র হাতে এক ‘জঙ্গি’ এবং অন্যটিতে এক ‘শরণার্থীকে’ দেখানো হয়।
ক্যাপশনে বলা হয়- “এই লোককে চিনতে পারছেন? গত বছর যে আইএস সদস্য হিসেবে পোজ দিয়েছিল, এখন সে শরণার্থী।”
বহুবার শেয়ার হওয়া ওই ছবিতে যাকে দেখা যাচ্ছে, তার নাম লেইথ আল-সালেহ। সিরিয়ায় আসাদবিরোধী মধ্যপন্থিদের জোট ফ্রি সিরিয়ান আর্মির কমান্ডার সালেহ চলতি বছরের অগাস্টে সিরিয়া থেকে পালিয়ে মেসিডোনিয়ায় চলে যান।
আর যে ব্যক্তি সালেহ’কে জঙ্গি হিসেবে চিহ্নিত করে ওই ছবি ফেইসবুকে ছেড়েছিলেন, আসল তথ্য উন্মোচিত হওয়ার পর তিনি ‘দুঃখ প্রকাশ’ করেন।
নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা বেশ কিছু গুজব বিভ্রান্তি আর আতঙ্কের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
ফেইসবুকে আসা এরকম একটি ছবিতে দেখা যায়, ব্যান্ড দল ঈগলস অব দি ডেথ মেটাল দর্শকভর্তি একটি হলঘরে সঙ্গীত পরিবেশন করছে।
‘বাতাক্লঁ কনসার্ট হলে হামলার ঠিক আগের ছবি’ হিসেবে এটি ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, উইবু’তে অসংখ্যবার শেয়ার হয়।
প্রকৃতপক্ষে এই ছবি ব্যান্ড দলটির ডাবলিন অলিম্পিয়া থিয়েটারে পরিবেশনার। প্যারিস হামলার আগের দিন ব্যান্ড দলের অফিসিয়াল ফেইসবুকে পেইজে ওই ছবি প্রকাশ করা হয়। কিন্তু ভুল মন্তব্য ও ক্যাপশনসহ শেয়ার হওয়ায় অনেকেই একে হামলার দিনের ছবি বলে ধরে নেন।
প্রকৃতপক্ষে ছবিটি ‘সাইলেন্ট ওয়ার্ল্ড’ প্রজেক্টের। পৃথিবীর শেষ সময়ে শহরগুলোর অবস্থা কেমন হতে পারে- তার কল্পিত চিত্রটি ধরতে ফটোগ্রাফির কিছু কৌশল ব্যবহার করে ছবি তোলা হয়েছে।
ডিসেম্বরে লন্ডনের টিউব স্টেশনে এক সন্ত্রাসী তিনজনকে ছুরি মারার পর পাশে দাঁড়ানো এক ব্যক্তি হামলাকারীকে ‘তুমি মুসলমান নও’ বলে চিৎকার করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নেয় হ্যাশট্যাগ #YouAintNoMuslimBruv।
সে সময় এটি এতোই আলোচিত হয় যে লন্ডনের টিউব স্টেশনের একটি সাইন বোর্ডের ছবি টুইটারে ভাইরাল হয়ে যায়। সাইনের গায়ে হ্যাশট্যাগটি লেখা ওই ছবি আরও অনেকের মতো লন্ডনের মুসলমান মেয়র প্রার্থী সাদিক খানও শেয়ার করেন।
তাদের উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও ছবিটি ছিল ‘ভুয়া’। কোনো একটি অ্যাপ ব্যবহার করে সেটি তৈরি করা হয়েছিল, বাস্তবে তেমন কোনো সাইন বোর্ড ওই স্টেশনে ছিল না।
তবে এসব ঘটনার কোনোটিই সম্ভবত জার্মানির সেই লোকের গল্পের ধারে কাছে যেতে পারবে না, যেখানে বিয়ে বিচ্ছেদের পর ক্ষুব্ধ স্বামী তার সব সম্পদ দুই ভাগ করে ইন্টারনেটে নিলামে তুলেছেন বলে জানানো হয়। গত জুনে ওই খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার পায়।
ই-বেতে তেমন একটি নিলাম ঠিকই হয়েছিল, তবে পেছনের গল্পটি ছিল ভুয়া।
ভিডিওটি ইউটিউবে ৪৫ লাখের বেশিবার দেখা হয়ে যাওয়ার পর জার্মান বার অ্যাসোসিয়েশন জানায়, বিপণন কৌশল হিসেবে তারা ওই ভিডিও তৈরি করেছিল।
