রামাদির আইএস ঘাঁটি দখল করেছে ইরাকি বাহিনী
ইরাকের রামাদিতে ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন একটি সরকারি কম্পাউন্ড দখলে নিয়েছে ইরাকি বাহিনী।
রামাদিতে এটিই ছিল আইএস জঙ্গিদের সর্বশেষ ঘাঁটি, যেখান থেকে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করে আসছিল।
সেনাবাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমানি জানান, ওই সরকারি কমপ্লেক্সটি এখন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। সেখানে আইএস জঙ্গিদের আর কোনো চিহ্ন নেই।
এতে করে রামাদিতে আইএস এর পরাজয় হল। তবে এখনো কোনো কোনো জায়গায় আইএস প্রতিরোধ গড়ে তুলতে পারে বলেও স্বীকার করেন তিনি।
বিবিসি জানায়, সরকার কয়েক সপ্তাহ ধরে রামাদি পুনর্দখলের চেষ্টা করে আসছে।
গত মে মাসে রামাদির নিয়ন্ত্রণ নেয় আইএস। আনবার প্রদেশের রাজধানী রামাদি বাগদাদ থেকে মাত্র দুইঘণ্টার পথ।
গত মঙ্গলবার থেকে ইরাকের সেনাবাহিনী রামাদি অভিযান শুরু করে।
রামাদি পুনরুদ্ধারের পর সেনাবাহিনী আইএস নিয়ন্ত্রিত উত্তরের নগর মসুলে অভিযান চালাবে বলে জানিয়েছে ইরাক কর্তৃপক্ষ।
