২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বন্যার কবলে ইংল্যান্ড

ভারত ও ল্যাতিন আরিকার পর বন্যা দেখা দিয়েছে ইংল্যান্ডে। প্রবল বর্ষণে পানিতে ডুবে গেছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 09:34 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ার ও ইয়র্কশায়ার কাউন্টিতে ‘রেড এলার্ট’ এবং আরও তিনশ’র বেশি জায়গায় বিভিন্ন মাত্রায় বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

এ মাসের শুরুতে উত্তরপশ্চিম ইংল্যান্ডের কাম্বরিয়ায় সর্বপ্রথম বন্যা দেখা দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং প্রিন্স চার্লস ওই এলাকা সফর করেছেন।

বন্যার কারণে কয়েকশ’ মানুষ বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। আবার অনেক এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিনষ্ট হয়ে গেছে।

বিবিসি রেডিওকে বন্যামন্ত্রী ররি স্টুয়ার্ট বলেন, “এর আগে কখনও কেউ এত বেশি বৃষ্টি হতে দেখেনি।”

আগামী দুই-তিনদিন বৃষ্টিপাত কিছুটা কমে আসলেও আগামী সপ্তাহে আরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

সর্বোচ্চ সতর্কতা রেড এলার্ট জারি করার সময় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, “আবহাওয়ার পরিস্থিতি আরও গুরুতর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানমালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিস্তৃত এলাকায় বন্যা দেখা দিলে জনজীবনের মারাত্মক ক্ষতি এবং যাতায়াত ব্যবস্থা ভয়ঙ্করভাবে ব্যহত হবে।”

ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে বন্যা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ক্যামেরন সরকার এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না বলেও সমালোচকরা অভিযোগ তুলেছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করে বন্যা থেকে সুরক্ষায় বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ বাড়ানো হয়েছে বলে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।