বন্যায় দক্ষিণ আমেরিকার চারটি দেশে এক লাখ লোক বাস্তুচ্যুত
দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে, উরুগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্ত এলাকায় বন্যার কারণে এক লাখেরও বেশি লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া প্রপঞ্চ এল নিনোর কারণে চলতি গ্রীষ্মে ওই এলাকায় ব্যাপক বৃষ্টিপাতে মারাত্মক বন্যা দেখা দিয়েছে বলে শনিবার জানিয়েছে কর্তৃপক্ষ।
চারটি দেশের মধ্যে প্যারাগুয়েতে বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির রাজধানী আসুনসিওনের আশপাশ থেকে প্রায় ৯০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে নগর কর্তৃপক্ষের জরুরি দপ্তর জানিয়েছে।
এসব লোকজনের অধিকাংশই প্যারাগুয়ে নদীর তীরের বাসিন্দা। দরিদ্র এসব লোকজন নদীতীরে অস্থায়ীভাবে তৈরি কাঁচা ঘরে বসবাস করে আসছিল।
বন্যার্তদের সহায়তার জন্য আসুনসিওনসহ ও আরো সাতটি এলাকায় জরুরি অবস্থা জারি করেছে প্যারাগুয়ে সরকার।
স্থানীয় গণমাধ্যমগুলোতে ঝড়বৃষ্টির সময় গাছ পড়ে কয়েকজন নিহত হওয়ার কথা জানানো হলেও সরকারিভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
আসুনসিওন থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে আলবেয়াদি এলাকায় প্যারাগুয়ে নদীতীরে বসবাসকারী আরো কয়েক হাজার লোককে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে সরকার।
দেশটির জাতীয় জরুরি বিভাগ বলেছে, “এল নিনোর প্রভাবে বৃষ্টির মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বন্যা দেখা দিয়েছে।”
গত মাসে জাতিসংঘের আবহাওয়া সংস্থা ‘ওয়াল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন’ (ডব্লিউিএমও) বলেছে, গত ১৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এবারের ‘এল নিনো’ সবেচেয়ে তীব্রতা নিয়ে হাজির হয়েছে।
আসছে দিনগুলোতে প্যারাগুয়ে নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন প্যারাগুয়ের জরুরি বিভাগের কর্মকর্তারা।
শনিবার আর্জেন্টিনা সরকার বলেছে, উত্তর আর্জেন্টিনার ২০ হাজার লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে সরে যেতে হবে।
উরুগুয়ের জাতীয় জরুরি বিভাগ জানিয়েছে, নয় হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
ঝড়বৃষ্টি ও বন্যায় আর্জেন্টিনা ও উরুগুয়েতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
শনিবার সকালে হেলিকপ্টারে করে আর্জেন্টিনা ও উরুগুয়ের সীমান্ত সংলগ্ন ব্রাজিলীয় এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
ব্রাজিলের রিও গ্রান্দ দো সুল রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে ৩৮টি টাউনে বন্যা দেখা দেওয়ায় এক হাজার ৭৯৫ জন লোক বাস্তুচ্যুত হয়েছেন।
