যুক্তরাষ্ট্রের ঝড়-বন্যায় এক সপ্তাহে নিহত ২৫
গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলজুড়ে চলা টর্নেডোর তাণ্ডব ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা জানান, শনিবার টেক্সাস অঙ্গরাজ্যে টর্নেডো ও বন্যায় সাতজন মারা গেছেন।
ডালাস মর্নিং নিউজকে পুলিশের মুখপাত্র মাইল হ্যাটফিল্ড জানিয়েছেন, ডালাস শহর থেকে ২৪ কিলোমিটার উত্তরপূর্বে গ্যারল্যান্ডে টর্নেডোর কারণে সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা যান।
এছাড়া ডালাস থেকে ৩২ কিলোমিটার উত্তরপূর্বে কপভিল শহরের একটি পেট্রল পাম্পের কাছে আরো দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
শনিবার সন্ধ্যায় ডালাস ও এর আশপাশের বেশ কয়েকটি শহরে টর্নেডো আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ।
ডালাসের কাছে ডেসোতো-র একটি মহাসড়কে টর্নেডোতে উড়ে যাওয়া জিনিসপত্র এসে পড়ে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।
ডালাসের জরুরি বিভাগের সমন্বয়ক স্টেফানি পার্কার জানিয়েছেন, টর্নেডোর তাণ্ডবে ডালাসের ইলিস কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গারল্যান্ড ছাড়াও টেক্সাসের ওভিলা, ফার্মাসভিল ও রওলেতেও টর্নেডো আঘাত হেনেছে।
মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র গ্রেগ ফ্লাইন জানান, বুধবার টর্নেডোর কবলে পড়ে নিখোঁজ হওয়া এক নারী ও এক পুরুষের লাশ শনিবার উদ্ধার করেছে বেনটন কাউন্টির জরুরি বিভাগের কর্মকর্তারা।
এই দুজনকে নিয়ে টর্নেডোর কারণে মিসিসিপি অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে এবং মোট ৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
টর্নেডোর কারণে রাজ্যের সাতটি কাউন্টির ৪০৩টি বাড়ি ক্ষতিগ্রস্থ এবং মনরো কাউন্টিতে ১০ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় আরো ৫০টি বাড়ি ডুবে গেছে। বন্যার কারণে মনরোর ৪০টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
টর্নেডোর কারণে টেনেসিতে ছয়জন, আরকানসাসে একজন এবং অ্যালাবামায় একজন নিহত হয়েছেন।
