২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৃশংসতা অবসানে এক হোন: পোপ

বড়দিনের বার্তায় ইসলামপন্থি জঙ্গিদের নৃশংসতার অবসান ঘটাতে বিশ্ববাসীকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 09:56 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

তিনি বলেন, জঙ্গিদের কারণে অসংখ্য মানুষকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্যে সেন্ট পিটার্স বাসিলিকার বারান্দা থেকে বড়দিনের ঐতিহ্যবাহী বার্তা পাঠ করেন পোপ ফ্রান্সিস।

পোপের বার্তা শুনতে সেন্ট পিটার্স স্কয়ারে প্রবেশকারীদের কয়েক দফা নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়েছে। ভ্যাটিকান এলাকায় মেশিন গান হাতে দুর্নীতি-দমন পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে পোপ বলেন, “সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক অঙ্গনকে সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন এবং সাব-সাহারা আফ্রিকা অঞ্চলের নৃশংসতার অবসান ঘটনার দিকে মনোযোগ দেয়া উচিত।”

“এখনও অসংখ্য মানুষ ইসলামিক স্টেটের (আইএস) নৃশংসতার শিকার হচ্ছে, তাদের কারণে মানুষকে অপরিমেয় যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি ওই সব অঞ্চলের নির্যাতিত মানুষদের ঐতিহাসিক স্থাপনা ও সংস্কৃতিও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না।”

ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বানও জানান তিনি।

পোপ বলেন, “যেখানে শান্তির (যিশুখ্রিস্টের) জন্ম হয়েছে, যেখানে ঘৃণা ও যুদ্ধকে খুব বেশিদিন টিকতে দেয়া উচিত না। ঠিক যে স্থানে ঈশ্বরের পুত্র মানুষ রূপে পৃথিবীতে জন্ম নিয়েছেন সেখানে দীর্ঘদিন ধরে সহিংসতা ও উত্তেজনা বিরাজমান। শান্তি এখনও সেখানে সবচেয়ে কাম্য এবং তা প্রতিষ্ঠা করতে হবে।”

সারা বিশ্বে খ্রিস্টান সম্প্রদায়ের যেসব মানুষ নির্যাতনের শিকার হচ্ছে তাদের ক্ষতিপূরণ এবং শক্তিবৃদ্ধি করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি।

শরণার্থী ও অভিবাসীসহ অসংখ্য মানুষের মর্যাদা পদদলিত হচ্ছে উল্লেখ করে পোপ আরও বলেন, “এমনকি আজও অনেক মানুষ তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছে। শিশু যিশুখ্রিস্টের মত তাদেরও ঠান্ডা, দারিদ্র ও প্রত্যাখ্যানের মধ্য দিয়ে যেতে হচ্ছে।”

“তাদেরকে বিশেষ করে নারী ও শিশুদের মানবপাচার ও মাদকের শিকার হতে হচ্ছে।”

শুধুমাত্র ঈশ্বরের করুণাই সব ধরনের শয়তানের হাত থেকে মানবতাকে রক্ষা করতে সক্ষম বলে মনে করেন পোপ।

তিনি বলেন, “যখন পরিস্থিতি মানুষের হাতের বাইরে চলে যায় তখন ঈশ্বরের করুণা মানুষের হৃদয়কে পরিবর্তন করে এবং মানবতাকে রক্ষা করে।”