২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের বিমানবন্দরে বিস্ফোরণ, একজন নিহত

তুরস্কের ইস্তাম্বুলে সাবিয়া গোকসেন বিমানবন্দরের রানওয়েতে বিস্ফোরণে একজন নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 07:56 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

ঘটনার সময় ওই নারী পেগাসাস এয়ারলাইন্সের একটি বিমান পরিস্কার করছিলেন। বিস্ফোরণে তার এক সহকর্মী আহত হন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের পর (বুধবার রাত ০২:০৫ মিনিটে, ০০:০৫ জিএমটি) বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে তুরস্কের দোগান নিউজ এজেন্সি।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

ঘটনার সময় বিমানবন্দরে উপস্থিত কয়েকজন পরপর তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়ার দাবি করেছেন বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।

এক বিবৃতিতে পেগাসাস কর্তৃপক্ষ জানায়, নিহত নারীর নাম জেহরা ইয়ামাচ (৩০)। মাথায় গুরুতর আঘাত থেকে তার মৃত্যু হয়। বিস্ফোরণের সময় বিমান বা তার আশেপাশে কোনো যাত্রী ছিল না।

সাবিয়া গোকসেন ইস্তাম্বুলের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর।