সুখোই-২৪ ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধার হচ্ছে না: রাশিয়া
তুর্কি জঙ্গি বিমান থেকে গুলি করে ভূপাতিত রুশ বোমারু বিমানটির ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।
এই ব্ল্যাকবক্সের তথ্য থেকেই প্রকৃত ঘটনা কি ঘটেছে তা জানার আশায় আছে রাশিয়া।
কিন্তু রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সুখই-২৪ জঙ্গি বিমানটির ব্ল্যাকবক্সের মোমোরি চিপগুলো নষ্ট হয়ে গেছে বা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৪ নভেম্বর তুরস্ক-সিরিয়া সীমান্তে রুশ বোমারু বিমানটি ভূপাতিত করে তুরস্কের বিমান বাহিনী। তুরস্কের দাবি কয়েক দফা সতর্ক করার পরও রুশ বিমানটি তাদের আকাশসীমা ছেড়ে না যাওয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটিকে ভূপাতিত করা হয়।
শুক্রবার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সামনে বিমানটির ব্ল্যাকবক্স খোলা হয়। তখনই বলা হয়েছিল, সেটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার রাশিয়ার সেনা কর্তৃপক্ষ তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন উপস্থাপন করে।
তারা জানায়, ব্ল্যাকবক্সটির ১৬টি মেমোরি চিপের মধ্যে ১৩টি নষ্ট হয়ে গেছে। বাকি গুলো থেকে প্রচলিত উপায়ে তথ্য উদ্ধার অসম্ভব।
তবে বিশেষ উপায়ে এখনও তারা তথ্য উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
