মার্কিন-আফগান যৌথ চৌকিতে আত্মঘাতী হামলা, নিহত ৫
আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্র-আফগান যৌথ নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ সেনা নিহত এবং ছয় জন আহত হয়েছে।
বাগরাম জেলার গভর্নর আব্দুল শুকুর কুদুসি সোমবার একথা জানিয়েছেন।
ট্যুইটে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করে হামলায় যুক্তরাষ্ট্রের ১৯ সেনা নিহত এবং একজন আহত হয়েছে বলে দাবি করেছেন।
কাবুলে নেটোর প্রধান কার্যালয় থেকে হামলার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, আত্মঘাতী হামলাকারী একটি মটরসাইকেলে করে এসে বাগরাম বিমান ঘাঁটির কাছে হামলা চালায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পারওয়ান প্রদেশের পুলিশ প্রধান বলেন, হামলায় তিন আফগান সেনা আহত হয়েছে। তবে বিদেশি সেনাদের হতাহত হওয়ার তথ্য জানানোর ক্ষমতা তার হাতে নেই বলেও জানান তিনি।
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪০ কিলোমিটার উত্তরে বাগরামের অবস্থান।
দেশটিতে বর্তমানে ৯,৮০০ মার্কিন সেনা অবস্থান করছে। যাদের বড় একটি অংশ বাগরাম বিমান ঘাঁটিতে রয়েছে।
