মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তালগোল, সমালোচনার ঝড়
ভুল প্রতিযোগীকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে তালগোল পাকানোতে অনলাইনে হাস্যরসের পাশাপাশি সমালোচনার ঝড় উঠেছে সুন্দরী বাছাইয়ের এবারের আয়োজনটি নিয়ে।
মিস ইউনিভার্সের মুকুটটি ভুল করে প্রথম রানার আপের মাথায় পরানোতেই বেধেছে বিপত্তি।
মিস কলম্বিয়া আরিয়াডনা গুটিয়েরেজকে ২০১৫ সালের মিস ইউনিভার্স ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা জানান, তিনি আসলে প্রথম রানার-আপ হয়েছেন।
পরবর্তীতে মিস ফিলিপাইন পিয়া আলোনজো উর্টজবাখকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর পর থেকেই সমালোচনায় মুখর হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে মিস ইউনিভার্স প্রতিযোগিতা নিয়ে কৌতুক, বিদ্রুপ চলছেই।
‘এটি সবচেয়ে বিরক্তিকর মিস ইউনিভার্স প্রতিযোগিতা’ বলে ট্যুইটে মন্তব্য করেছেন কেউ, আবার কেউ বলেছেন ‘অপ্রস্তুত কাকে বলে’।
মিস ফিলিপাইনের ভক্তরাও অনেকেই এ ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ফেইসবুকে। কেউ বলেছেন, “আমাদের মিস ফিলিপাইন তার জ্বলজ্বলে মুহূর্তটি উপভোগ করতে পারলেন না। তার আর আমাদের দেশের বিজয়ের মুহূর্তটি যেন ছিনিয়ে নেওয়া হল, কি লজ্জ্বা!”
তবে ‘ভুল মানুষেরই হয়, তাই ক্ষমা করে দেওয়াটা মহানুভবতার পরিচয়’ বলেও পাল্টা ট্যুইটে মন্তব্য করেছেন অনেকে।
অনুষ্ঠান শেষে এর উপস্থাপকও একটি টুইটার বার্তায় ‘ভুলটি তারই ছিল’ দাবি করে সবার কাছে ক্ষমা চেয়েছেন।
এ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন কলম্বিয়ার গুটিয়েরেজ ও দ্বিতীয় রানারআপ যুক্তরাষ্ট্রের অলিভিয়া জর্ডান।
