২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ি ফুটপাতে, নিহত ১

যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে মিস ইউনিভার্স প্রতিযোগিতার অনুষ্ঠানস্থলের কাছে চলন্ত একটি গাড়ি রাস্তা ছেড়ে ফুটপাতে পথচারীদের ওপর উঠে গেলে গাড়ির ধাক্কায় একজন নিহত হন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Dec 2015, 02:02 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

রোবরার রাতের এ ঘটনায় আরো অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।  

দুর্ঘটনাস্থলের কাছেই একটি রিসোর্ট ও ক্যাসিনোতে এ সময় চলতি বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতার অনুষ্ঠান চলছিল। 

লাস ভেগাসের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের মুখপাত্র দানিতা কোহেন জানান, আহতদের মধ্যে একটি শিশু রয়েছে এবং আহতদের অনেকেই ফরাসি ভাষায় কথা বলছেন, তারা পর্যটক হতে পারেন।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের পিটার বোফেল্লি জানান, আহত ৩৬ জনের মধ্যে সাতজন সঙ্কটজনক অবস্থায় রয়েছেন এবং চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গাড়ির ওই নারীচালক ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনাটি ঘটিয়েছেন নাকি তিনি ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেছিলেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছেন বোফেল্লি।

তিনি জানান, ওই নারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক ও অ্যালকোহল গ্রহণ করেছেন কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। 

ঘটনাস্থল ক্লার্ক কাউন্টির দমকল প্রধান গ্রেগ ক্যাসেল জানান, রোববার সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

এই সময় কাছের প্ল্যানেট হলিউড রিসোর্ট ও ক্যাসিনোতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার অনুষ্ঠান চূড়ান্ত পর্বের দিকে অগ্রসর হচ্ছিল। 

দুর্ঘটনাস্থলে গাড়ি ও মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ঘটনাস্থলে পুলিশ ও জরুরি বিভাগের অনেক গাড়ি ভিড় করে থাকতে দেখা গেছে।