২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবিত্তদের ওপর নতুন কর নয়, অঙ্গীকার হিলারির

নির্বাচনে জিতলে মধ্যবিত্ত আমেরিকানদের উপর নতুন করের বোঝা চাপিয়ে না দেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ডেমক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 10:39 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

শনিবার এবিসি নিউজে নির্বাচনী বিতর্কে হিলারি এ অঙ্গীকার করেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রার্থীদের মধ্যে প্রচারণায় সামনের সারিতে আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি।

নির্বাচনী বিতর্কে ডেমক্র্যাট দলের আরেক মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স একক করদাতাদের হেল্থকার্ড দেওয়া, অবৈতনিক কলেজ ব্যবস্থাসহ বেশকিছু প্রস্তাব দেন।

এরই জবাবে হিলারি বলেন, এই পরিকল্পনা কর্মজীবী পরিবারগুলোর উপর করের বোঝা আরও বাড়াবে।

ক্ষমতায় গেলে মধ্যবিত্ত পরিবারগুলোর উপর নতুন করে করারোপ না করার অঙ্গীকার করে তিনি বলেন, “এ মুহূর্তে কারও এ ধরনের করারোপের পরিকল্পনা করা উচিত হবে না।”

“মধ্যবিত্ত পরিবারগুলোর উপর কর বাড়াবে এমন কোনো নতুন প্রকল্প আরোপ করা উচিত হবে বলে আমার মনে হয় না। বরং আমাদের সেখানে ফিরে যেতে হবে যেখানে মানুষ অর্থ বাঁচাতে এবং সেগুলো পরিবারের পেছনে বিনিয়োগ করতে সক্ষম হত।”

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দ্রুত ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব সমর্থন করেছেন হিলারি।

এর সমালোচনা করে স্যান্ডার্স বলেন, কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ফল কি হতে পারে তা সম্পর্কে না জেনেই তিনি (হিলারি) অনেক দ্রুত এবং কিছুটা আগ্রাসী মনভাব নিয়ে (সিরিয়ায়) ক্ষমতার পট পরিবর্তন করতে চাইছেন।

“হ্যাঁ, চাইলে আমরা আগামীকালই আসাদের হাত থেকে পরিত্রাণ পেতে পারি। কিন্তু তাতে দেশটির রাজনীতিতে আরেক ধরনের শূন্যতা তৈরি হবে এবং সেটি ইসলামিক স্টেটের (আইএস) জন্য সুবিধাজনক হবে।”

“ক্ষমতার পালা পরিবর্তন করা সহজ, স্বৈরাশাসকের হাত থেকে পরিত্রাণ পাওয়াও সহজ। কিন্তু তা করার আগে আপনাকে অবশ্যই ভবিষ্যতের বিষয়ে চিন্তা করতে হবে।”

এ সমালোচনার জবাবে হিলারি বলেন, “স্যান্ডার্স এখন একথা বলছেন। অথচ তিনিই ২০১১ সালে লিবিয়ায় ক্ষমতার পট পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলেন।