‘ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা নিহত’
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সমির কান্তারের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে লেবানন ভিত্তিক সংগঠনটি।
হিজবুল্লাহ এবং সিরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়, রোববার ভোরে দামেস্কের জারামানায় একটি আবাসিক এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, জারামানার আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলায় কান্তার ‘শহীদ’ হয়েছেন। সোমবার লেবাননের রাজধানী বৈরুতে তাকে দাফন করা হবে বলেও জানায় সংগঠনটি।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমেও জারামানার একটি ছয়তলা আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলার খবর জানানো হয়েছে।
কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানান সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল জুবি ।
ইসরায়েল কর্তৃপক্ষ কান্তারের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছে, কান্তার সিরিয়ায় অবস্থিত ইসরায়েলি সেনাদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ওই বিমান হামলার দায় তাদের কিনা সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু জানায়নি।
ইসরায়েলের গৃহায়ণ ও নির্মাণ মন্ত্রী ইওয়াভ গালান্ত বলেন, “এ বিষয়ে আমি নিশ্চিত করেও কিছু বলতে পারছি না, আবার অস্বীকারও করতে পারছি না। সমির কান্তার মত মানুষ পৃথিবীতে না থাকলে ভালই হয়।”
১৯৭৯ সালে কান্তারকে কারাবন্দি করে ইসরায়েল। ২০০৮ সালে হিজবুল্লাহর সঙ্গে বন্দি বিনিময়ের অংশ হিসেবে কান্তারকে মুক্তি দিতে বাধ্য হয় তারা।
মুক্তির পর লেবাননের রাজধানী বৈরুতে কান্তারের নায়কের মত অভ্যর্থনা জানানো হয়।
লেবানন ভিত্তিক দল হিজবুল্লাহর কয়েকশ’ সদস্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে সেখানে যুদ্ধ করছে।
প্রতিবেশী দুই দেশ ইসরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকবার সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
