‘শুধু বোমা মেরে আইএস-মতাদর্শের হার হবে না’
মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের কাছে পরাজিত হলেও সিরিয়ায় অন্তত ১৫টি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যারা তার জায়গা দখল করবে বলে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠানের দ্য সেন্টার অন রিলিজিয়ন অ্যান জিওপলিটিক্সের এক জরিপের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদন প্রকাশ করেছে।
জরিপ প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীদের ৬০ শতাংশকে ‘ইসলামিস্ট’ হিসেবে শ্রেণিভুক্ত করা যায়। উদারপন্থি ও কট্টরপন্থি হিসেবে তাদের মধ্য থেকে বিশ্বশক্তি যেভাবে পার্থক্য তৈরির চেষ্টা করছে, তার মধ্যে ত্রুটি আছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো সিরিয়া ও ইরাকে আইএসের উপর বিমান হামলা পরিচালনা করছে।
আইএসের মতাদর্শ ধারণকারী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সবচেয়ে বড় বিপদ হলেও তারা এখনও নজরের বাইরেই রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
এসব গোষ্ঠীতে প্রায় এক লাখ যোদ্ধা রয়েছে উল্লেখ করে সেন্টার বলছে, “শুধু আইএসের উপর দৃষ্টি নিবদ্ধ করে পশ্চিমারা কৌশলগতভাবে ব্যর্থ হওয়ার ঝুঁকি নিচ্ছে।
“আইএসকে সামরিকভাবে পরাজিত করে বৈশ্বিক জিহাদি মতবাদকে নির্মূল করা যাবে না। বোমা মেরে মতাদর্শ উড়িয়ে দেওয়া যায় না, আমাদের যুদ্ধ হতে হবে আদর্শিক।”
আইএস পরাজিত হলেও ‘পশ্চিমারা খিলাফত ধ্বংস করেছে’ শোরগোল তুলে বিচ্ছিন্নভাবে থাকা যোদ্ধা ও অন্য উগ্রপন্থিরা মিলে সিরিয়ার বাইরে লক্ষ্য ঠিক করে হামলা চালাতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
বৈশ্বিক যোদ্ধাদের আনুগত্য ও আইএসের পৃষ্ঠপোষকদের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার লক্ষ্যে নজরে আসার জন্য নতুন গোষ্ঠীগুলো প্রতিযোগিতায় নামতে পারে বলে আভাস দিয়েছে সেন্টার।
জরিপে আওতায় পড়া বিদ্রোহীদের মধ্যে চার ভাগের একভাগেরও কম যোদ্ধা রয়েছে যারা আদর্শ অনুসারী নয়।
তবে তাদের অনেকেই উগ্রপন্থিদের সঙ্গে যুদ্ধ করতে আগ্রহী এবং সম্ভবত তারা গৃহযুদ্ধের অবসানে একটি ইসলামি রাজনৈতিক সমাধানকেই গ্রহণ করবে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
দ্য সেন্টার অন রিলিজিয়ন অ্যান জিওপলিটিক্স বলছে, এই পরিস্থিতিতে আইএসের বিরুদ্ধে সামরিক অভিযানের পাশাপাশি ‘এর পেছনের বিধ্বংসী আদর্শকে বুদ্ধিবৃত্তিক ও ধর্মতাত্ত্বিকভাবে পরাজিত করতে হবে।’
তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ না ছাড়লে বা ক্ষমতা থেকে অপসারিত না হলে দেশটিতে এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
