২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ‘ভুলবশত’ হামলায় ইরাকি সেনাদের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বিমান থেকে ইরাকি সেনাদের উপর বোমা বর্ষণের ঘটনাকে ভুলবশত হামলা বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 08:26 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

শনিবার কার্টার সাংবাদিকদের বলেন, “ভুলবশত এই বিমান হামলা চালানো হয়েছে। উভয় পক্ষই এই ভুলের জন্য দায়ী।”

ইরাকের স্থলবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে হামলার পরিচানার পরও এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

শুক্রবার ইরাকের ফাল্লুজাহ নগরে ওই হামলায় নয় ইরাকি সেনা নিহত হয় বলে নিশ্চিত করেছেন ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবেইদি।

ইরাক ও সিরিয়ায় অবস্থিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট দেশ দুইটিতে বিমান হামলা চালাচ্ছে।

এক সংবাদ সম্মেলনে ওবেইদি বলেন, “ইরাকের স্থলবাহিনী  ফাল্লুজাহ নগরের দিকে অগ্রসর হচ্ছিল এবং জোটের বিমানগুলো তাদের কাভার দিচ্ছিল। ওই সময়ই বিমান হামলার এই ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার কারণে এদিন ইরাকের সেনাবাহিনীর বিমানগুলো আকাশে উড়তে পারেনি।”

শনিবার কার্টার টেলিফোনে ইরাকের প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদির সঙ্গে কথা বলেন এবং এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।