‘মুসলিম ব্রাদারহুডের সদস্যপদ চরমপন্থার ইঙ্গিত’
ব্রিটিশ সরকারের এক পর্যালোচনা প্রতিবেদনে মিশরের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের সদস্যপদ বা গোষ্ঠীটির সঙ্গে সম্পর্ককে চরমপন্থার সম্ভাব্য ইঙ্গিত বলে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লিখিত কারণে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করা উচিত হবে না বলেও মন্তব্য করা হয়।
মিশরের গোষ্ঠীটি ব্রিটেনের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে কিনা, তা পর্যালোচনার জন্য ২০১৪-র এপ্রিলে নির্দেশ দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
প্রকাশিত প্রতিবেদন নিয়ে এক বিবৃতিতে ক্যামেরন বলেন, “মুসলিম ব্রাদারহুডের কয়েকটি অংশের সঙ্গে প্রবল চরমপন্থার উচ্চ মাত্রার দ্ব্যর্থক সম্পর্ক রয়েছে। নেটওয়ার্ক ও আদর্শিক, উভয়ভাবে এর এমন একটি রূপান্তযোগ্য ধরণ রয়েছে যাতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সহিংসতা ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত হতে পেরেছে।”
গোষ্ঠীটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিভাবে অস্বচ্ছ এবং স্বভাবগতভাবে গোপনতাপ্রিয়’ বলে বর্ণনা করেছেন তিনি।
“পর্যালোচনায় প্রধানত যা পাওয়া গেছে তা এই সিদ্ধান্তকে সমর্থন করে যে, মুসলিম ব্রাদারহুডের সদস্যপদ, এর সঙ্গে সম্পর্ক বা এর প্রভাবকে চরমপন্থার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে বিবেচনা করা উচিত.” বলেন তিনি।
ক্যামেরন জানান, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কিত এবং প্রভাবিত গোষ্ঠীগুলো কখনো কখনো ব্রিটেনকে মুসলিম বিশ্বাস ও আত্মপরিচয়ের প্রতি মূলগতভাবে শত্রুভাবাপন্ন হিসেবে চিহ্নিত করে এবং ফিলিস্তিনি ইসলামপন্থি গোষ্ঠী হামাস পরিচালিত হামলাকে সমর্থন করে।
তিনি বলেন, “মুসলিম ব্রাদারহুডের আদর্শ ও তৎপরতা এভাবে ব্রিটেনের গণতান্ত্রিক মূল্যবোধের, আইনের শাসনের, ব্যক্তি স্বাধীনতা, সাম্যতা এবং বিভিন্ন বিশ্বাস ও সংস্কারের প্রতি শ্রদ্ধা ও সহনশীল মনোভাবের পরিপন্থী হয়ে দাঁড়ায়।”
তিনি আরো বলেন, ব্রিটেন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কিত দৃষ্টিভঙ্গী ও তৎপরতার উপর ব্রিটিশ সরকারের নজরদারি ও পর্যালোচনা বজায় রেখে গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আইনি পরীক্ষার মুখোমু্খি করা যায় কিনা তা যাচাই করে দেখতে হবে।
তিনি জানান, গোষ্ঠীটির যে সব সদস্য বা এর সম্পর্কিত যারা উগ্রপন্থি মন্তব্য করেছেন তাদের ভিসা না দেওয়ার ধারা বজায় রাখবে ব্রিটেন।
মুসলিম ব্রাদারহুড মধ্যপ্রচ্যের সবচেয়ে পুরনো ইসলামপন্থি সংগঠন এবং গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে মিশরের প্রধান বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে।
২০১৩-তে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করেন মিশরের বর্তমান প্রেসিডেন্ট ও সেই সময়কার সেনাপ্রধান আব্দেল ফাত্তা আলি সিসি। তারপর থেকে মিশরের ইসলামপন্থিদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর দমনাভিযান শুরু করেন তিনি।
মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেন সিসি, কিন্তু নভেম্বরে ব্রিটেন সফরে গিয়ে তিনি বলেন, মিশরের জনগণ চাইলে গোষ্ঠীটি ফের জনসাধারণের মধ্যে কাজ করতে পারবে।
