নতুন পতাকা নির্বাচন করেছে নিউজিল্যান্ড
নতুন নকশার পতাকা নির্বাচন হয়ে গেছে। এবার এটিই জাতীয় পতাকা হবে কিনা সে বিষয়ে দ্বিতীয় আরেকটি গণভোটের মাধ্যমে মত প্রকাশ করবে নিউজিল্যান্ডবাসী।
মার্চে এ গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কালো ও নীল রঙয়ের জমিনে রূপালী ফার্ন এবং পাশে চারটি তারকা সম্বলিত নতুন এই পতাকা এবং বর্তমান জাতীয় পতাকার মধ্যে একটিকে ভোটের মাধ্যমে বেছে নেবে জনগণ।
নিউজিল্যান্ডের বর্তমান পতাকার এককোণে যুক্তরাজ্যের পতাকা ইউনিয়ন জ্যাকের নকশা রয়েছে। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষ্যবাহী এই পতাকা নিয়ে আপত্তি তোলেন জন কি।
তার যুক্তি, নিউজিল্যান্ডের বর্তমান জাতীয় পতাকা একটি ঐতিহাসিক সময়কে তুলে ধরে যার থেকে নিউজিল্যান্ড অনেক দূরে সরে এসেছে।
এ বছরের শুরুতে তিনি নতুন জাতীয় পতাকার বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রীর দপ্তরে নতুন জাতীয় পতাকার নকশা পাঠানোর আহ্বান জানান।
প্রায় ১০ হাজার নকশা থেকে পাঁচটির সংক্ষিপ্ত তালিকা করা হয় এবং ওই পাঁচটি পতাকায় জনগণকে ভোট দিতে বলা হয়।
২০ নভেম্বর থেকে ডাকযোগে ভোট গ্রহণ শুরু হয় এবং ১১ নভেম্বর ভোট গ্রহণ শেষ হয়।
নির্বাচিত নতুন পতাকাটির নকশা করেছেন নিউজিল্যান্ডের স্থপতি কেলি লকউড।
রুপালী ফার্ন নিউজিল্যন্ডের জাতীয় প্রতীক এবং চারটি তারকা সাউদার্ন ক্রসের প্রতীক।
পতাকা সংস্কারের পুরো কাজে প্রায় এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এতো বিপুল অর্থ ব্যয় নিয়ে নিউজিল্যান্ডের নাগরিকরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন।
ওয়েলিংটনের বাসিন্দা সু প্যারোট বলেন, “করদাতাদের অর্থ অপচয় ছাড়া এটি আমার কাছে আর কিছু মনে হচ্ছে না। এর কোনো সুবিধা আমি দেখতে পাচ্ছি না।”
“বর্তমান জাতীয় পতাকা নিয়ে আমার কোনো সমস্যা নেই, এটি আমাদের ঐতিহ্যের অংশ।”
অন্যদিকে, অনেকে জাতীয় পতাকা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।
গ্যারি টেন্নান্ট বলেন, “ইউনিয়ন জ্যাক ছাড়া যেকোনো কিছুই চমৎকার হবে। ব্রিটেনের সঙ্গে বন্ধন অনেক আগেই মুক্ত হয়েছে এবং বর্তমান নিউজিল্যান্ডে এর কোনো প্রভাব নেই।”
