২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি পুনর্দখল সিরীয় বাহিনীর

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বপ্রান্তে একটি সামরিক বিমান ঘাঁটি পুনর্দখল করেছে দেশটির সরকারি বাহিনী। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 12:03 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক গোষ্ঠী ‘দি অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এবং সিরিয়ার সামরিক সূত্রের বরাতে বিবিসি বলছে, সরকারি বাহিনী সোমবার মার্জ আল-সুলতান নামের এ ঘাঁটি দখল করে সংলগ্ন শহরটি দখলের চেষ্টা করছে। 

কিন্তু সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র শহরটি তারা দখল করে নিয়েছে বলে দাবি করেছেন। 

২০১২-র নভেম্বরে বিদ্রোহীরা রাজধানী ঘিরে থাকা গোউতা কৃষি অঞ্চলে অবস্থিত ওই বিমান ঘাঁটিটির দখল নিয়েছিল। ‍
  
বিদ্রোহীদের শক্তিকেন্দ্র হিসেবে বিবেচিত এলাকায় সরকারি বাহিনীর এ সাফল্য একটি অবিস্মরণীয় ঘটনা।
 ‍
প্রায় এক মাস আগে থেকে সরকারি বাহিনী মার্জ আল সুলতান পুনর্দখল করার জন্য অভিযান শুরু করেছিল বলে জানিয়েছে অবজারভেটরি। অভিযানে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর যোদ্ধারা সরকারি বাহিনীকে সহায়তা করে। 

রোববারি নিকটবর্তী বিদ্রোহী অধিকৃত এলাকা দৌমা, সাকবা, আরবিন এবং হারাসতায় সরকারি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণে অন্ততপক্ষে ৪৫ জন নিহত হন। 

রাজধানীতে বিদ্রোহীদের গোলাবর্ষণে দুই শিশুসহ ছয়জন নিহত হওয়ার পর সরকারি বাহিনী বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকায় প্রতিশোধমূলক বোমাবর্ষণ করে। 

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাড়ে চার বছরে আড়াই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।