দক্ষিণ চীন সাগরে নৌ-মহড়া বাড়িয়েছে বেইজিং
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে আরও নৌ মহড়া চালাচ্ছে বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একে তাদের নিয়মিত মহড়া বলে দাবি করেছে।
খনিজ সম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগর এলাকার অধিকাংশের মালিকানা দাবি করে আসছে চীন। এছাড়া, এটি বিশ্বের জনপ্রিয় নৌ-বাণিজ্য পথগুলোর অন্যতম। দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়।
চীন ছাড়াও ফিলিপাইন, ব্রুনাই, ভিয়েতনাম, মালয়েশিয়া ও তাইওয়ান দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করছে।
রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি মহড়ার জন্য চীনের নৌ-বাহিনীর একটি নৌ বহর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চল দিয়ে দক্ষিণ চীন সাগর হয়ে আশেপাশের অন্যান্য সমুদ্রে যাবে।”
“এ বছরের নৌ-প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী, এটি একটি নিয়মিত মহড়া।”
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, দক্ষিণ চীন সাগরে চীনের নৌ বাহিনীর জাহাজ থেকে ‘তাজা গুলির’ মহড়া চলছে। তবে সাগরের ঠিক কোন স্থানে ওই মহড়া চালানো হচ্ছে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
দক্ষিণ চীন সাগরে নিজেদের সামরিক স্থাপনা সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে চীন নিয়মিত বিরতিতে এ ধরনের মহড়ার আয়োজন করে।
