কাবুলের কূটনীতিকপাড়ায় হামলার ঘটনায় নিহত ১০
আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনীতিকপাড়ার স্প্যানিশ দূতাবাস সংলগ্ন অতিথিশালায় হামলার ঘটনার অবসান হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তালেবানের আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে ওই হামলা শুরু হওয়ার পর শনিবার দিন শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর্যন্ত আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের তীব্র গোলাগুলি চলে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।
গোলাগুলি চলাকালে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিন তালেবান জঙ্গিকে হত্যার করে আরেকটি আত্মঘাতী হামলার প্রচেষ্টা বানচাল করে দেন বলে জানা গেছে।
তালেবান হামলায় স্প্যানিশ এক নিরাপত্তা কর্মকর্তাসহ দুই বিদেশি ও চার আফগান পুলিশ নিহত হয়েছেন বলে জানান কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ।
কাবুলের অত্যন্ত সুরক্ষিত একটি এলাকায় হামলাটি চালানো হয়। এখানে বেশ কয়েকটি দূতাবাস ও সরকারি ভবন রয়েছে।
মোট ১০জন নিহত হওয়া ছাড়াও হামলায় আরো নয় আফগান বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলের নিকটবর্তী ভবনগুলো থেকে আফগান ও বিদেশিসহ ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।
তালেবান হামলার পর দুপক্ষের গোলাগুলি চলার সময় নিরাপত্তা বাহিনী অতিথিশালার আশপাশের এলাকাটি বন্ধ করে দেওয়ায় এসব লোকজন আটকা পড়েছিলেন।
অতিথিশালাটি স্প্যানিশ দূতাবাস কম্পাউন্ডের একটি অংশে অবস্থিত বলে জানিয়েছেন সেখানকার রক্ষীরা।
শুক্রবার সন্ধ্যায় অতিথিশালাটির কাছে এক আত্মঘাতী হামলাকারীর গাড়িবোমা বিস্ফোরণের মাধ্যমে হামলাটি শুরু হয়। গাড়িবোমা বিস্ফোরণের সুযোগ নিয়ে তিন বন্দুকধারী অবস্থান নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।
কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রাহিমি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “অভিযান শেষ করতে সময় নেওয়া হয়েছে, কারণ আশাপশের ভবনে যারা আটকা পড়েছিলেন তাদের উদ্ধার করতে চাইছিলাম আমরা। তাই উপযুক্ত কৌশল অনুসরণ করে সাবধানে আমাদের এগোতে হয়েছে।”
অতিথিশালাটিকে ‘দখলদারদের অতিথিশালা’ অভিহিত করে এতে হামলা চালানোর দায় স্বীকার করেছে তালেবান।
শনিবার তালেবানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে রাজধানীর কেন্দ্রস্থলে চালানো হামলা প্রতিহত করতে না পারা ‘সরকারের লজ্জা’ বলে মন্তব্য করে বিদ্রোহী গোষ্ঠীটি।
বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “উচ্চ নিরাপত্তাযুক্ত একটি এলাকায় অস্ত্র ও গাড়ি বোঝাই বিস্ফোরক নিয়ে আমাদের মুজাহিদদের উপস্থিতি খোদার সমর্থন এবং গরিব ও মুসলমানদের সহযোগিতার বিষয়টি তুলে ধরেছে।”
পাকিস্তানে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশারাফ গনি দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই হামলাটি চালাল তালেবান।
কাবুলের এই হামলার আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের বিমানবন্দরে চালানো তালেবানের অপর একটি হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিকসহ অন্ততপক্ষে ৫০ জন নিহত হন।
