২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে মুসলিমরা সবসময় স্বাগত: জাকারবার্গ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মুসলিমদের স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 12:52 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বুধবার নিজের ফেইসবুক পৃষ্ঠায় লেখা একটি বার্তায় জাকারবার্গ বলেন, “আমাদের কমিউনিটিতে অবস্থানকারীসহ ও বিশ্বের সব মুসলিমদের প্রতি আমি সমর্থন ব্যক্ত করছি।”

ক্যালিফোর্নিয়ায় হামলার পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকার দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা উচিৎ বলে মন্তব্য করে বিতর্কের ঝড় তোলেন।

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তার এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পেন্টাগন ট্রাম্পের বক্তব্যকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও প্রতিক্রিয়া জানিয়েছে।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই জাকারবার্গ মুসলিমদের প্রতি তার সমর্থন ব্যক্ত করলেন।

জাকারবার্গ বলেন, “অন্যদের কৃতকর্মের জন্য আসন্ন নির্যাতনের শিকার হওয়ার যে ভীতি মুসলিমরা অনুভব করছেন, আমি শুধু তা কল্পনাই করতে পারি।”

তিনি আরো বলেন, “আমি একজন ইহুদি, আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন- আমাদের অবশ্যই যেকোনো সম্প্রদায়ের ওপর হামলার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এমন কী আজ তোমার ওপর হামলা না হলেও দাঁড়াতে হবে। কারো স্বাধীনতার উপর হামলা সবাইকেই আঘাত করবে।”

“আপনি যদি এই সম্প্রদায়ে বসবাসকারী একজন মুসলিম হয়ে থাকেন, তবে ফেইসবুকের নেতা হিসেবে আমি আপনাকে জানাতে চাই, আপনি সবসময়ই এখানে স্বাগত এবং আমরা আপনার অধিকার রক্ষায় লড়াই করবো, আপনার জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করবো।”- বলেন জাকারবার্গ।

সম্প্রতি কন্যাসন্তানের পিতা হয়েছেন জাকারবার্গ। আর এরপরই সন্তানের জন্য ভবিষ্যৎ পৃথিবীকে আরো বাসযোগ্য করে তোলার লক্ষ্যে ফেইসবুকে থাকা তার ৯৯ শতাংশ শেয়ার দান করার ঘোষণা দেন তিনি।