প্যারিস হামলা: তৃতীয় হামলাকারী 'চিহ্নিত'
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাতাক্লাঁ কনসার্ট হলে গতমাসে হামলাকারী তৃতীয়জনের পরিচয় পুলিশ সনাক্ত করেছে বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভ্যালস।
বিবিসি জানায়, প্রধানমন্ত্রী ওই ব্যক্তির নাম জানান নি। তবে তার নাম ফুয়েদ মোহামেদ আগ্গাদ এবং সে ফরাসি নাগরিক বলে যে খবর বেরিয়েছিল সেটিরও পরষ্পরবিরোধিতা করেননি ভ্যালস।২৩ বছর বয়সী ওই ব্যক্তি ছিল স্ট্রাসবার্গের বাসিন্দা।
বাতাক্লাঁ কনসার্ট হলে হামলায় ৯০ জন নিহত হয়। আত্মঘাতী বেল্ট পরা তিন বন্দুকধারীই ফরাসি নাগরিক বলে চিহ্নিত হয়েছে।
আর প্যারিসজুড়ে ১৩ নভেম্বরের সমন্বিত হামলায় অন্যান্য যে হামলাকারী অংশ নিয়েছে তাদের কেউ ফরাসি আর কেউ বেলজিয়ান জঙ্গি হিসাবে চিহ্নিত হয়েছে।
পুলিশ বলছে, মোহামেদ আগ্গাদ ২০১৩ সালে তার ভাইকে নিয়ে সিরিয়ায় যুদ্ধ করতে গিয়েছিল। তাদের সঙ্গে আরও কয়েকজন তরুণ দলগতভাবে যুদ্ধ করতে যায়।
ওই দলের বেশ কিছু সদস্যকে ফ্রান্সে ফেরত আসার পর গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আগ্গাদ সিরিয়াতেই থেকে যান বলে ধারণা করা হচ্ছিল।
গত সপ্তাহে আগ্গাদের ডিএনএ’র নমুনা তার পরিবারের সদস্যদের সঙ্গে মিলে যাওয়ার পর পুলিশ তাকে চিহ্নিত করতে সক্ষম হয়।
বাতাক্লাঁয় আরও যে দুইজন নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিল, পুলিশ জানিয়েছে, তাদের একজন ২৯ বছর বয়সী ওমর ইসমাইল মোস্তেফাই এবং অন্যজন ২৮ বছর বয়স্ক সামি আমিমুর।
প্যারিস হামলায় যে ১৩০ জন প্রাণ হারায়, তাদের বেশিরভাগই মারা যায় বাতাক্লাঁ কনসার্ট হলে চালানো হামলায়।
