২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপাকে সোনিয়া-রাহুল গান্ধী

ভারতে ‘ন্যাশনাল হেরাল্ড’ মামলায় আদালতে হাজিরা দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Dec 2015, 08:57 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

নিম্ন আদালতে হাজিরা দিতে সমন জারি না হওয়ার জন্য মা-ছেলের আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করে দেওয়ায় এ বিপত্তি সৃষ্টি হয়েছে।

আদালত মঙ্গলবারই দুইজনকে বিচারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এ নির্দেশ আটকাতে এবার সোনিয়া ও রাহুল জরুরি  ভিত্তিতে সুপ্রিম কোর্টে  যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

অন্যথায়, গান্ধীরাসহ কংগ্রেসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতাকে এ নির্দেশ থেকে নিষ্কৃতি পেতে নিম্ন আদালতে হাজির হতে হবে।

ন্যাশনাল হেরাল্ড অধিগ্রহণকে কেন্দ্র করে সোনিয়া ও রাহুল ছাড়াও কংগ্রেসের দুই শীর্ষ নেতাসহ প্রয়াত রাজীব গান্ধীর এক বন্ধুর বিরুদ্ধে মামলাটি করেছিলেন তামিল নাড়ুর রাজনীতিবীদ এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির ( বিজেপি ) নেতা সুব্রামানিয়াম স্বামী।

সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয় তহবিল থেকে এক কোটি ৩৫ লাখ মার্কিন ডলার সরিয়ে জহরলাল নেহরুর প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড নামের ওই ইংরেজি পত্রিকাটির সম্পত্তি কিনে মুনাফা করেছেন ও আয়কর আইন ভেঙেছেন।

যদিও মা-ছেলে উভয়ই দলীয় তহবিল কেলেঙ্কারি এবং কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

সোনিয়া ও রাহুলের আইনজীবী এবং কংগ্রেস পার্টির মুখপাত্র অভিষেক মানু সিংবা বলেন, আইনের পথেই তারা আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করবেন।

গত বছর জুনে এ মামলায় প্রথমবার সোনিয়া ও রাহুলকে নিম্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে তারা দিল্লির হাইকোর্টে  সশরীরে হাজির হওয়ার নির্দেশ থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। সোমবার দিল্লি হাইকোর্ট এ আবেদনই বাতিল করল।

এরপরই মামলার বাদি সুব্রামানিয়াম সাংবাদিকদের বলেছেন, “মঙ্গলবার মা-ছেলেকে জেলা আদালতে হাজির হতে হবে।”

গতবছর নিম্ন আদালতে মামলার পর কর কর্তৃপক্ষ কংগ্রেস পার্টির লেনদেন নিয়ে তদন্ত শুরু করে।

তখন সোনিয়া গান্ধী অভিযোগ করে বলেছিলেন, নরেন্দ্র মোদী সরকার তাকে ও তার পরিবারকে ‘রাজনৈতিকভাবে হেনেস্তা’ করতে এসব করছে।