২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার জাতীয় পরিষদ নির্বাচনে বিরোধীদের জয়

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (পার্লামেন্ট)নির্বাচনে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলকে পরাজিত করে ১৬ বছর পর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধীরা। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Dec 2015, 03:04 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে জাতীয় পরিষদের ১৬৭টি আসনের মধ্যে সরকারবিরোধী গণতান্ত্রিক মৈত্রী জোট ৯৯টি আসনে জয় পেয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচনী বোর্ড। 

অপরদিকে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সমাজতান্ত্রিক দল ৪৬টি আসন জিতেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২২টি আসনের ফলাফল ঘোষণা বাকি ছিল। 

তবে এ পর্যন্ত ঘোষিত ফলাফলেই বিরোধীদলীয় জোটের পক্ষ থেকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়লেন প্রেসিডেন্ট মাদুরো।  

প্রয়াত প্রেসিডেন্ট উগো চ্যাভেজ ১৯৯৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে টানা ১৬ বছর ধরে জাতীয় পরিষদে সমাজতান্ত্রিক দলের প্রাধান্য ছিল। এতদিন পর শোচনীয় এই পরাজয় দ্রুততার সঙ্গে স্বীকার করে নেন ৫৩ বছর বয়সী মাদুরো। 

ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজধানী কারাকাসের সরকারবিরোধীদের সমর্থক এলাকাগুলোতে আতশবাজি পোড়ানো শুরু হয়ে যায়। অন্যদিকে জয়ের আনন্দের প্রস্তুতি নিয়ে থাকা সরকারি দলের সমর্থকদের শিবিরে হতাশা নেমে আসে।

দলের পরাজয়ের জন্য ব্যবসায়িক নেতা ও অর্থনীতিতে অন্তর্ঘাত চালানো অন্যান্য সরকারবিরোধীদের দায়ী করে মাদুরো বলেন, “এই বিপর্যয়কর ফল স্বীকার করে নেওয়ার জন্য আমরা এখানেই আছি- আদর্শ ও নীতির সঙ্গে।”
 
“অর্থনৈতিক যুদ্ধ আজ জয়ী হল,” বলেন তিনি। 

নির্বাচনের ফলাফল মাদুরো দ্রুত মেনে নেওয়ায় ফলাফলকে ঘিরে যে শঙ্কা দেখা দিয়েছিল তা দূর হয়ে যায়। ২০১৩ সালে শেষ প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরো বিরোধীদলীয় প্রার্থীকে অল্প ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। 

২০১৪ সালে দেশটিতে সরকারবিরোধী আন্দোলনে ৪৩ জন নিহত হন। 

১৭ বছর আগে চ্যাভেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় প্রত্যেকটি নির্বাচনে বিরোধীরা বার বার পরাজিত হয়েছে। এবারের নির্বাচনে জয় পেয়ে স্বাভাবিকভাবেই তারা বেশ উৎফুল্ল। 

কিন্তু বিরোধীপক্ষের এই বিজয় ভেনেজুয়েলার গভীর অর্থনৈতিক সঙ্কটের কারণে জনগণের অসন্তোষের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।